সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সন্ধ্যা নামে। লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সন্ধ্যা নামে

অন্ধকারের বুক চিরে জেগে ওঠে আলোর ক্ষীণ রেখা। দুর আকাশের কোল ঘেঁসে বকের ডানায় ভেসে বেড়ায় সাদা মেঘের দল। শঙ্খ চিলের ডানায় ভর করে ঝুপ করে সন্ধ্যা নামে। কবুতরের মন কেমন করা ডাকে, আনচান করে উদাসী বাসন্তীক মন। দুর থেকে ভেসে আসা আজানের ধ্বনি, মিলে মিশে একাকার হয়ে যায়। তুলসী তলায় পিদিমের নরম আলো গায়ে মেখে, চুপিসারে আলপথ ধরে এগিয়ে আসে জোনাকির দল। ঝিঁ ঝিঁ পোকার ডাকে সন্ধ্যা নামে, চুপিসারে রাতচরা ওই মাঠের ধারে। অন্ধকার আলপথ ধরে চুপিসারে এগিয়ে আসে সন্ধ্যা গুটি গুটি পায়ে। যে সন্ধ্যার গায়ে জড়িয়ে থাকে লাল সুর্যের নরম আলোর পশমী রোদ। সন্ধ্যার মায়ায় ঘাসের ডগায় তখন নরম রোদের  লুট পুটি। যা দেখে লজ্জায় মুখ লুকোয় লাল পলাশ। সেই পলাশের কাছে নিজেকে আনমনে সঁপে দিয়ে, ভোরের অপেক্ষায় থাকে সন্ধ্যা, অপেক্ষায় থাকি আমি-তুমি। ক্ষীণ আলোর অপেক্ষায় জীবন কাটে, পলাশের লাজুক হাসি গায়ে মেখে। সন্ধ্যা নামে - অভিজিৎ বসু।