সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আমাদের তিন্নি

কিছু কিছু মানুষকে নিয়ে লিখতে চাই কিন্তু পারিনা আমি। কেনো জানিনা একটা অজানা ভয়,আর আতঙ্ক চারিদিক থেকেই গ্রাস করে আমায়, এই শীতের নিশুতি শব্দহীন রাতে। যে নিশুতি রাত আমায় ঘুমোতে দেয় না কিছুতেই। যে রাত আমায় জ্বালিয়ে মারে বারবার। তাই এপাশ ওপাশ করলেও কেমন যেন একটা অজানা অচেনা আতঙ্কে অতীতের স্মৃতিচারণ করি আমি ভয়ে ভয়ে। মনে হয় যদি ভুল করে ফেলি তাহলে কি হবে।


 মানুষকে দেখা তাদের জীবনকে দেখা যে জীবনের আশপাশে কত কিছুই তো আছে। হোকনা সে জীবন সেই মানুষ একদম ঝাঁ চকচকে অন্য গ্রহের এক বাসিন্দা। যে গ্রহের নাগাল পাওয়া ভার আমার মত ছাপোষা মানুষের। তবু তো বামন হয়ে চাঁদ ধরতে সাধ যায় মাঝে মাঝে। ইচ্ছা হয় আমার সাদা জীবনের কালো কথায় সেই এক ভিন গ্রহের বাসিন্দাকে নিয়ে কিছু লিখি আর কী। 

জানিনা এটাও ঠিক হলো কি না সেই টিআরপি নিয়ে লেখার মত হয়তো জীবনে আবারও ভুল করলাম আমি। খালি ভুল আর ভুল। সারা জীবন ধরে খালি ভুল করে গেলাম আমি। জীবনের প্রতি মুহূর্তে তো ভুলের ফাঁদ পাতা আছে এই ভুবনে। যেখানে ঘিরে আছে অনেক কিছুই। যাকগে ধান ভানতে শিবের গীত গাওয়ার কি দরকার। এইবার না হয় আসল কথায় আসা যাক।

ওকে আমি সেই ঝলমলে পোশাকে, একদম আপ টু ডেট ছন্দে দামী জুতোয় পোদ্দার কোর্টের অফিসে দেখলাম। একদম ভোর বেলায় সবার ঘুম ভাঙ্গার আগেই যে অফিস এসে গাড়ির চালক হয়ে স্টিয়ারিং ধরে নিয়ে গাড়ি স্টার্ট দিত সে। কাউকে কোনোদিন বলেনি আজ আমি পারছিনা গাড়িটা একটু স্টার্ট দাও আমি পড়ে আসছি একটু। কেমন অফুরন্ত দম, উৎসাহ আর উদ্দীপনার সাথে হৈ হৈ করে হেডলাইন করতো। কি দ্রুত সুন্দর নখের নিখুঁত নেলপালিশ পড়া আঙুলে টপ টপ করে শব্দের ছন্দ মিলিয়ে হেডলাইন লিখে যেতো। আমি কেমন অবাক হয়ে দেখতাম দুর থেকে আর ভাবতাম সত্যিই এই পোড়া জীবনে কিছুই পারিনা আমি। 

কিন্তু প্রথম প্রথম বুকে সাহস নিয়ে ওকে এগিয়ে গিয়ে ওর টেবিল এর সামনে দাঁড়িয়ে হাত কচলে বলতে পারিনি এই খবরটা একটু ধরানো যাবে কি এটা একটু দেখিয়ে দিলে ভালো হয় দিদি। একে দ্রুত গতিতে ছুটে চলা এক রাজধানী এক্সপ্রেসের মত একজন দ্রুতগামী প্রোডিউসার। বর্তমানের সময়ে যাকে বন্দে ভারতের সাথে তুলনা করতে হয়। আর আমি হলাম মালগাড়ির মত পুরোনো আদ্যিকালের সেই জোর করে কাজ পাইয়ে দিয়ে একটা চাকরি করে দেওয়া মাঠে ময়দানের রিপোর্টার থেকে এক লজঝড়ে অ্যাসাইন মেন্টের বদ্দি বুড়ো। যার কোনও যোগ্যতাই নেই এই বিখ্যাত দু নম্বর চ্যানেলে কাজ করার। 

না হলে কি আর আগে এই চ্যানেলেই আমি তিন বার বাতিল হই লিখিত পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ বোর্ডে শুধু আমার ঝাঁ ঝাঁ চকচকে চেহারা নেই বলে। সে সব কথা যাকগে বাদ দি কি বলেন আপনারা। নেহাত অনির্বাণ চৌধুরীর হাত ধরে এই চব্বিশ ঘণ্টার চাকরিতে প্রবেশ করেছিলাম আমি তাঁর দয়ায়। তাই হয়তো এই সব নানা দ্রুতগামী ট্রেন মালগাড়িকে ধাক্কা দিয়ে রেল লাইন থেকে ঠেলে ধাক্কা দিয়ে ফেলে দেয়নি আর কি। কিন্তু ধীরে ধীরে একটু একটু করে ভয় ভীতি কেটে গেলো কাজের সুবাদে। সেই সকাল সকাল সেজেগুজে অফিস এসেই ঘাড় গুঁজে কাজ করা মেয়েটিকে দেখতাম আমি দুর থেকে। খবর নিয়ে দৌড়ে বেড়ানো ছুটে বেড়ানো দেখে বেশ ভালই লাগত আমার সচরাচর এমন দেখা পাওয়া ভার। 

ধীরে ধীরে ভাব হয়ে গেলো অ্যাসাইনমেন্টের সাথে প্রোডিউসার এর। যদিও সাধারণত এটা হয়না। একটা যুদ্ধ একটা লড়াই লেগেই থাকে এই‌ দুজনের মধ্যে। দ্রুতগামী সেই প্রোডিউসার ভাবেন আমিই সেরা। আর অ্যাসাইনমেন্টের টেবিলে বসা মালগাড়িভাবে খবর তো আমার কাছে আসছে তাহলে সেই তো ঠিক করবে খবর নামক জাহাজের ক্যাপ্টেন জাহাজকে কোনদিকে নিয়ে যাবেন। এটা নিয়ে সব জায়গায় দড়ি টানাটানি চলতেই থাকে আর কি। 

কিন্তু দিনের শেষে ক্লান্ত হয়ে বিকেল বেলায় ও যখন বাড়ি ফিরত। সেই আমিও মাঝে মাঝেই শুভ্রনীল এর সাথে নিচে চা খেতে যেতাম। ভাস্করদা ওর সকালের খবরের জুটি। এদের সাথে নিচে চা খেতে যেতাম আমরা সবাই। কেমন ঝাঁ চকচকে একটা দৌড়ে বেড়ানো ছুটে বেড়ানো জীবন এর মাঝেও একটা অন্য জীবনকে দেখতাম তখন। ওর নিজের সংসার সেই ওর ভালোবাসার প্রাণীদের নিয়ে কত চিন্তা ওর। সেই ওর বিখ্যাত মানুষ যিনি ওর বাবা। যাঁর ইন্টারভিউ নেবার জন্য একটা সভা শেষে কলেজ স্ট্রিট এর একটি সভায় আমি দু ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমি তাঁর বাইট নিতে পেরেছিলাম। যাঁর কাছে প্রশ্ন করতে গিয়ে অল্প হলেও আমার ভয়ে বুক কেঁপে ছিল সেই দিন। যা কোনো রাজনৈতিক নেতার কাছে হয়নি কোনোদিন আমার। সেই বিখ্যাত মানুষ আজিজুল হকের মেয়ে আমাদের সেই বিখ্যাত দাপুটে প্রোডিউসার তথা সাংবাদিক আমাদের সকলের তিন্নি। 

হ্যাঁ, তিন্নি বলে গলা ছেড়ে ডাকছেন অঞ্জন দা, যিনি আজ আর নেই আমাদের মধ্যে। সেই অনির্বাণ চৌধুরী, সেই ধ্রুবজ্যোতি প্রামাণিক , সেই সুবীর চক্রবর্তী, সেই শুভ্রনীল ঘোষ, সেই শৌনক ঘোষ, সেই বিখ্যাত অমৃতাংশু ভট্টাচার্য্য, শর্মিষ্ঠা ঘোষ চ্যাটার্জী, চারিদিক থেকে শুধু তিন্নি আর তিন্নি। বড়ই ব্যস্ত সে সব সময়। নিউজ রুমের মাঝে বসে থাকা একজন যাকে ভয় পেলেও মনে হয় এমন একজন ব্যক্তি অফিসে সকাল বেলা থেকেই খুব দরকার যে গাড়িটার গতিপথ ঠিক করে দেবে সেই ভোরবেলা থেকেই। না হলে যে কিছুতেই বেলায় আর সেই দ্রুত গতিতে এগিয়ে ছুটে চলা যায়না। তাল মেলানো যায়না।

আমি জানি আমার এই সাদা জীবনের কালো কথা হয়তো অনেকের পছন্দ হয়না। নানা কথা বলেন তাঁরা। কেউ কেউ বলেন কি দরকার এমন জীবন নিয়ে কাটা ছেঁড়া করার। কেউ বলেন এসব লিখে কি লাভ তোমার। কিন্তু একজন মহিলা সাংবাদিক যিনি সারা বছর সকাল বেলায় সাড়ে পাঁচটার শিফট করে গেলেন হাসিমুখে। কাউকে কিচ্ছু বুঝতে না দিয়ে। কতদিন যে ভোরবেলায় একসাথে ডিউটি করেছি আমরা। সেই সব কথা মনে পড়ে যায়।

আসলে সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যায় এই রাতদুপুরে আমার। মনে হয় মালগাড়ি হলেও চলতো তো। আজ তো একদম চুপ করে দাঁড়িয়ে গেছে সেই গাড়িটা বহুদিন ধরেই। মাঝে মাঝেই মন খারাপ হলে কথা বলি আমরা দুজনে। ভয়টা একদম কেটে গেছে প্রায়। আজকাল আর মনে হয়না ও আমার পরীক্ষা নিচ্ছে। দুজনের গভীর গোপন কথা একে অপরকে বলে কিছুটা হালকা হই আমরা।

 কেউ বলে আমি বাতিল আবার কেউ বলে আমি কাজ করতে জানিনা পারিনা এমন স্বগতোক্তি করে একে অপরকে প্রবোধ দি আমরা একে অপরকে দুর থেকেই। আর মনে মনে বলি সত্যিই সেই ভয় পাওয়া দিনগুলোই বোধহয় ভালো ছিল এমন আজব দিন এর মত ছিল না। যেখানে প্রতিদিন অপমানিত হতে হয়। তাও মাথা নিচু করে দাঁড়িয়ে কাজ করতে হয়। যন্ত্রণায় কুঁকড়ে গিয়েও থমকে থেমে পড়া যায়না কিছুতেই। কাজ থামিয়ে দিয়ে হাজারো দায় আর দায়িত্বকে অবহেলা করে ঠেলে ফেলে দিয়ে পালিয়ে চলে আসা যায়না। চেনা মানুষ গুলো অচেনা হলেও কিছুই মুখ ফুটে বলা যায়না। 

 সত্যিই যে অসম দুটো জীবন একটা বন্দেভারত অন্যটি মালগাড়ি যারা একে অপরকে কিছুটা হলেও কাজের টেবিলে এক হয়ে কাছে আসতে পারেনি কোনোদিন কোনও সময়। সেই তারাই কেমন আজ মিলেমিশে একাকার হয়ে যায় মাঝে মাঝেই। একজন বলে দাদা তুমি কি করছো এইসব, কি লিখছো তুমি। মেয়ের কথা ভাবো দাদা। আর অন্য প্রান্ত থেকে অন্যজন বলে কি করবে উপায় নেই কোনও। এইভাবেই যে মাথা নিচু করে অপমান নিয়েই কাজ করতে হবে, না হলে চলবে কি করে। 

আসলে দিন যে বদলে গেছে আমাদের অনেক। চারপাশের মানুষগুলো যে বদলে গেছে। চেনা মুখ গুলো যে বড়োই অচেনা হয়ে গেছে। একজন সল্টলেকের সেই নির্জন রাস্তায় হেঁটে যেতে যেতে, বা একা ঘরে বসে চুপ করে শোনে সেই সব কথা। আর অন্যজন বোলপুরের ভাড়া বাড়িতে বসে শোনে এক উদ্বিগ্ন চেনা কন্ঠ স্বর দাদা তুমি কি করছো এইসব। দ্রুত গতিতে ছুটে চলা বন্দে ভারত আর মালগাড়ির‌ এই অসম বন্ধুত্ব টিকে থাকে এই ভাবেই। ভালো থেকো তুমি তিন্নি। কিছুটা ভয় নিয়েই বলে ফেললাম আজ। 

আমাদের তিন্নি- অভিজিৎ বসু।
ছয় ডিসেম্বর, দু হাজার চব্বিশ।
ছবি সৌজন্যে ফেসবুক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ওই খানে মা পুকুর পাড়ে

ওইখানে মা পুকুর-পাড়ে জিয়ল গাছের বেড়ার ধারে হোথায় হবে বনবাসী,           কেউ কোত্থাও নেই। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট কুঁড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে           থাকব দুজনেই। বাঘ ভাল্লুক অনেক আছে- আসবে না কেউ তোমার কাছে, দিনরাত্তির কোমর বেঁধে           থাকব পাহারাতে। রাক্ষসেরা ঝোপে-ঝাড়ে মারবে উঁকি আড়ে আড়ে, দেখবে আমি দাঁড়িয়ে আছি           ধনুক নিয়ে হাতে। .......রবীন্দ্রনাথ ঠাকুর টুপ টুপ বৃষ্টির দুপুরে এই কবিতার লাইন গুলো দেখে। মনে পড়ে গেলো মার কথা। বাইরে একটানা বৃষ্টির একটা অদ্ভুত আওয়াজ। কখনো কখনো বেশ জোরে, কোনো সময় একটু কম। মাথার মধ্যে কেমন ঝিম ঝিম করছে এই বৃষ্টির টানা আওয়াজ শুনে।  একটানা আওয়াজে কেমন যেন একটা অস্বস্তি ভাব। গাছের পাতাগুলো বৃষ্টির জলে ভিজে একদম চুপ চুপে হয়ে গেছে। পাতার ডগা থেকে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে নিচে।গাছের পাতাগুলোর অসময়ে স্নান করে ওদের আবার শরীর খারাপ না হয়।  জানলার ধারে সারাদিন ধরে যে পায়রা গুলো বসে থাকতো আর বক বকম করতো।...

সুসমীর ও আমি

সাদা জীবনের কালো কথায় আজ আমার কলেজের বন্ধু সুসমীর এর কথা। ওর ভালো নাম সমীর ঘোষ। ওর বাড়ী শ্রীরামপুরে। আমার সাথে ওর আলাপ শ্রীরামপুর কলেজে পড়ার সময়। সেটা আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের কথা হবে। আসলে কলেজের বেঞ্চিতে বসে ওর গলার গান শুনে মুগ্ধ হয়েছি আমরা সবাই। ছেলে মেয়ে সবাই ওর গানের ভক্ত হয়ে গেলাম একদিন ওর গান শুনেই। মেয়েরা তো ওর ফ্যান হয়ে গেলো ওর গানের জন্য।  পরে আমাদের কলেজ জীবন শেষ করে আমরা এদিক ওদিক টুকটাক কাগজে লেখার জগতে দুজনেই প্রবেশ করেছি আমরা। একদিন খুব সম্ভবত বর্তমান কাগজে বিজ্ঞানের পাতায় দেখলাম সুসমীর দাস নামে এক জনের লেখা বেরিয়েছে।সেই সময় বিজ্ঞানের পাতা দেখতেন বর্তমানের রূপকুমার বসু। আমার সাথেও পড়ে রূপদার আলাপ হয়েছিল এই লেখার সূত্রেই।  মনে পড়ে প্রতি লেখায় পঞ্চাশ টাকা দিত বর্তমান‌ কাগজ সেই সময়। সমীর তখন বিজ্ঞান নিয়ে লিখছে, আকাশবাণী তে নানা অনুষ্ঠান করছে। এরপর তারা নিউজ ডেস্ক এর কাজে যোগদান করে সে। দীর্ঘ দিন তারা নিউজ এর কাজ করেছে সে। এই হলো সুসমীর এর জীবনের রেখাচিত্র।  কিন্তু আমার সাদা জীবনের এমন এক সাদা মানুষের ...

ভূত চতুর্দশীর সেই রাত

জীবনে আলো নেই, এদিকে ঘরে টুনি লাইট লাগাচ্ছি আর স্টাইল করে ছবি তুলছি। সত্যিই কত বিচিত্র আয়োজন আর বিচিত্র জীবন। ভূত চতুর্দশীর সন্ধ্যার আলোকজ্বল এই অমলিন, ঝাপসা, ম্রিয়মান এই ছবিটা ধরা থাকলো আমার জীবনের টাইমলাইনের ফেসবুকের পাতায় আলতো করে।  ঘরের দুয়ারে বাতি দিয়ে অন্ধকারের রাজ্যে চলে যাওয়া। আর পৃথিবী ছেড়ে চলে যাওয়া আমার আত্মীয়দের পথ দেখালাম আমি। হ্যাঁ, যে পথ ধরে আমাদের ছেড়ে যাওয়া মানুষজন এসেছিলেন তাঁরা সেই মহালয়ার পুণ্য প্রভাতে। তাঁদের তর্পণ করে স্বাগত জানিছিলাম আমরা সবাই। এতদিন ধরে এই উৎসবের আনন্দে আলোকমালায় কেমন ঘুরে বেড়ালেন তাঁরা খুশি মনে। আজকের রাত তাঁদের আবার সেই ফিরে যাওয়ার রাত। যে রাতে ঘুম আসেনা কিছুতেই। যে রাতের অন্ধকারে কত কিছুই যে ঘটে যায়।   যাঁরা এতদিন এই পৃথিবীর টানে, আপনজনদের টানে পৃথিবীর কাছে এসে দাঁড়িয়েছিলেন। সেই তাঁরাই আজ আমাদের ছেড়ে প্রিয়জনদের সবাইকে ছেড়ে ধীরে ধীরে চলে যাবেন দূরে,অনেক দূরে। আর আমরা তখন ঘরের দুয়ারে, উঠোনে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে সেই তাঁদের যাত্রাপথকে সুগম করবো আলোক সজ্জা দিয়ে। এটাই হলো ভূত চতুর্দশীর সেই আল...

কুণাল ঘোষের বার্তা ও টোটো চালকের কিছু কথা

কুণাল দার সাথে কাজ করিনি আমি কোনোদিন। বাংলা সংবাদের জগতে অনেক বিখ্যাত বিখ্যাত সাংবাদিক আছেন। যাঁদের নাম সোনার অক্ষরে লেখা থাকবে এই বাংলার মিডিয়ায়। আজ সেই কুণাল ঘোষ সংবাদ প্রতিদিন কাগজ থেকে কনসাল্টিং এডিটর পোস্ট থেকে সরে গেলেন। একদিকে তাঁর বিধায়ক হয়ে যাওয়া সরকার এর বদল হয়ে যাওয়া। আর তাই তিনি প্রতিদিন কাগজের দায়িত্ব থেকে সরে গেলেন তেমন এক বার্তা দিলেন তিনি নিজেই।  কুণাল ঘোষ এর সাথে আমার আলাপ বিশেষ নেই। সেই মহাকরণে করিডর দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর ঘরের দিকে। তাঁর আগে পিছে সংবাদ মাধ্যমের কাজ করা রিপোর্টারদের ভীড় তাঁকে ঘিরে ভীড় করে আছেন আমিও দূরে আছি দাঁড়িয়ে। সেই বহু বছর আগে হাফ শার্ট পরে বিকেলের দিকে মদন মিত্রের অফিসে আসতেন। ২৪ চৌরঙ্গী রোড এর অফিসে ধর্মতলার কাছে। সান্ধ্য প্রতিদিন কাগজ পকেটে নিয়ে। রণজিৎ থাকতো সেই সময়। সেই সব দিন এর কথা মনে পড়ে যায় আজ আমার। সেই কঠিন বাম আমলে তাঁকে কাজ ছেড়ে চলে যেতে হয়নি একদমই। আর আজ সরকার বদলের সাথে সাথেই দিকে দিকে কাজ ছাড়ার হিড়িক পড়ে গেছে যে চারিদিক জুড়েই এই বাংলার মিডিয়ায়।  ইটিভির কাজের স...

রক্তাক্ত আমি

অর্থহীন, শব্দহীন,জীবনের অপমান বড়ই যন্ত্রণার। জীবনের অনুরণনে অপমানের ছলাৎ ছলাৎ শব্দ, শুনতে শুনতে ধীর পায়ে এগিয়ে চলা। ছিপখান ডিঙ্গি নৌকা বেয়ে নিজের মত করে অন্তরীণ হয়ে ভেসে বেড়ানো, এদিক থেকে ওদিক পানে। শঙ্খচিলের ডানায় তখন, রামধনুর সাত রঙ এর স্বপ্নের ঘুম জড়ানো ভোরের আস্তরণ। শালিকের ভেজা পায়ে, জলের ছলাৎ ছলাৎ শব্দের বাঙময় অব্যক্ত ধাক্কা। যে ধাক্কায় দ্বিখণ্ডিত হয় জীবনের অর্থ, অনর্থ, সৃষ্টি, অনাসৃষ্টি, সুখ, অসুখ,ভালোবাসা, ঘৃণা আরও কত কি।  চোখ খুলে দেখি বদলে গেছে, জীবনের উপল উপত্যকার ঢেউ খেলানো রাস্তার, সোজাসাপ্টা সেই বহু চেনা গলিপথ। যে গলিপথের চেনা রাস্তায় হাঁটতে নেমে রক্তাক্ত হই আমি বার বার। তবু রাতের আঁধার গায়ে মেখে রক্তাক্ত আমি ঘুরে, বেড়াই এদিক থেকে ওদিক। হাতড়ে খুঁজে বেড়াই রামধনুর রং মাখা ভোর। রক্তাক্ত আমি - অভিজিৎ বসু। ষোলো জুন, দু হাজার চব্বিশ।