সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সেলাই করা কারিগর নবদার গল্প

আজ এক সেলাই করা মানুষের জীবনের গল্প। যে জীবনে জড়িয়ে আছে কত কিছুই। হাসি, কান্না, সুখ, দুঃখের নানা রং বেরঙ এর নানা অনুভূতি। সব কিছুকে মেনে নিয়েই আর সেলাই বুনেই দিব্যি জীবন কাটিয়ে দিলেন তিনি আমাদের সবার পরিচিত সেই শ্রীনিকেতন রোডের সেলাই এর কারিগর সেই নবদা। শ্রীনিকেতন রোডের ওপর ভেঙে পড়া একটি ছোট্টো সেলাই এর দোকান। যে দোকানের বয়স প্রায় পঞ্চাশ পেরিয়ে গেছে কবেই দু বছর আগেই। সেই দোকান আর নবদার গল্প আজ সাদা জীবনের কালো কথায় আমার আঁকিবুঁকি ব্লগে।

সেই যখন তাঁর কুড়ি বছর বয়স তখন এই অল্প টাকায় দশ টাকায় বা আরও কমে ভাড়া নিয়েছিলেন তিনি এই ছোটো দোকানের। আজ থেকে বাহান্ন বছর আগে এই দোকান নেওয়া তাঁর। এই রাস্তার ধারে তখন এত দোকানের রমরমা ছিল না একদমই। সেই সময় এই শ্রীনিকেতন রোডে হাতে গোনা কটি দোকান আর তাঁদের সবাই পরিচিত মুখ। খুব কম মানুষজনের বাস এই রাস্তার ওপর। তাঁর কাছেই বোলপুর হাইস্কুল আর বোলপুর পোস্ট অফিস, একটু দূরেই স্বাস্থ্যকেন্দ্র আর বোলপুর কলেজ। সেই একদম কম লোকের এই ফাঁকা বোলপুর শহরে তখন লোকজন একদম খুবই কম বাস করেন। টেলারিং এর দোকান বলতে এই একটাই দোকান। 

 এই ফাঁকা শহরে তখন তিন চাকার রিকশা চললেও হাজার হাজার টোটো চালিয়ে পঙ্খিরাজদের ঘুরে বেড়ানো দেখা যেত না একদমই। শ্রীনিকেতন মোড় পর্যন্ত একদম ফাঁকা রাস্তা, দু ধারে গাছের সারি দেখা যেতো দুর থেকে। এত ধুলোর আস্তরণ পড়তো না দু বেলা রাস্তার ওপর। দোকানে জমতো না ধুলোর পলেস্তারা। আর সেই যুবক নবদা তখন এই সেলাই এর দোকান খুলে জামা প্যান্ট তৈরীর কাজ শুরু করলেন। বেশ ভালই লাগত তাঁর সেই কাজ করতে। একদিকে নতুন সংসার, মেয়েদের পড়াশোনা করানো, সংসার চালানো সব কিছুই চালাতে হতো এই সেলাই মেশিন এর মাধ্যমে হাতের কাজ করে। জামা প্যান্ট আর কিছু স্কুল এর ড্রেস তৈরি করতেন তিনি। হাতের কাজ এর দৌলতে সেই নতুন কাপড়ের ওপর কাঁচি চালিয়ে কাটিং করে দিব্যি সংসার চলে যেতো তাঁর বেশ ভালই। 

আজ আমার সাদা জীবনের কালো কথায় সেই নবদার কথা। সেই কাজের ফাঁকে টুক করে পকেট থেকে খৈনির কৌটো বের করে একটু তৈরি করে নেওয়া চুপিসাড়ে। এই নেশা যে বড়ো জ্বালায় তাঁকে এই বুড়ো বয়সেও। নবদার দোকানে আড্ডা দিতে আসা অবসর গ্রহণ করা সব নানা মানুষজন সন্ধ্যা হলেই ভীড় করেন তাঁরা এই রং চটা দোকানে। কেউ হয়তো নবদার তৈরি খৈনি খেতে আর একটু পুরোনো দিনের আড্ডা দিতে আসা তাঁদের। কেউ আবার সেই ১৯৭৬ সাল থেকেই এই দোকানের জামা প্যান্ট পরেই গোটা একটা জীবন কাটিয়ে দিলেন তিনি। এক সময়ের বড়ো পদে ডিভিসিতে চাকরি করা অফিসার হলেও নিজের শহরের এই পুরোনো দোকানের ঠেক আর আড্ডাকে ভুলতে পারেন না একদমই। ভুলতে পারেন না বহু পুরোনো দিনের বন্ধু নবদাকেও। এই শহরের বহু পুরোনো দিনের বনেদী পরিবার তাঁদের। আর নবদা একমনে মেসিন চালিয়ে যায় আর গল্প করেন সেই পুরোনো দিনের কথা বলেন আমায়। 

দোকানের উল্টো দিকের বাড়ী ভাঙা হচ্ছে সেটাও কি বহুতল ভবন হবে, নবদার উত্তর না অনেক বড়ো বাড়ী এদিক ওদিক লোককে ডাকলে কেউ শুনতে পেতোনা তাই তো এই বড়ো বাড়ী ভেঙে ফেলে ছোটো বাড়ী হবে এই বাড়ীর বয়স তো প্রায় ১২৮ বছরের। বাবা ছেলেকে ছোটো বাড়ী করে দেবেন যাতে অসুবিধা না হয় এক দম ছেলের কোনও। তিনি বলেন ডাক্তার এর নিষেধ থাকলেও তিনি এই খৈনির নেশা আজও ছাড়তে পারেননি যে সেটা খান একটু আধটু কাজের ফাঁকে। এই শহরের বহু পুরোনো দিনের চিকিৎসক তাঁর কাছে আজও কাপড় জামা তৈরি করতে আসেন। তিনিও এই প্রায় পঁচাত্তর বছর বয়সে সেই সব জিনিস তৈরি করে দেন পুরোনো আমলের লোকদের। না হলে যে তাঁরা এই দোকানের কাটিং ছাড়া আর তাঁর তৈরি জিনিস ছাড়া পড়বেন না অন্য কোনো দোকানের জিনিস। বলে একটু হাসেন তিনি আপন মনে নিজেই। 

সেই কম ভাড়ার দোকানের ভাড়া এখন প্রায় বারোশো টাকা। একসময় এই দোকানেই আরও কত কারিগর দিনরাত কাজ করত হাসিমুখে এই কথা বলতে বলতে কেমন উজ্জ্বল হয়ে ওঠে তাঁর মুখ। সেলাই মেসিন এর দ্রুত আওয়াজ। রেডিওতে ভাটিয়ালী গানের সুর ভেসে বেড়াতো এই দোকানের ভিতর থেকে। কত দূর দূর থেকে তাঁর কাছে অর্ডার আসতো সেই সময়। আর সেই অর্ডার তৈরি করে সাপ্লাই দিতে ঘুম ছুটে যেত নবদার আর তার কারিগরদের। এই সেলাই এর ব্যবসা বেশ ভালো জমে গেছিলো সেই সময়। নাওয়া খাওয়া ভুলে কাজ করতে হতো এই স্কুলের নতুন বছর শুরুর সময়। মেয়ের পড়ানো, বিয়ে দেওয়া, সংসার চালানো সব তো এই সুতোয় বোনা কাজ এর দৌলতেই। একমনে পা চালিয়ে সেলাই করতে করতে নবদা বিড়বিড় করতে থাকেন। আমি চুপ করে শুনি তাঁর কথা একমনে।

সেই কুড়ি-বাইশ বছরের যুবক নবদার আজ বয়স হয়েছে বেশ। তবু সেই তাঁর দোকানে দু বেলা না বসলে চলে না একদম এটাও একটা নেশা তাঁর। কোনও রোগব্যাধি নেই একদম তাঁর। সুগার এর ওষুধ খেতে হয়না তাঁকে কোনওদিন। প্রেসার এর ওষুধ খেতে হয় না একদম। পাড়ার ডাক্তারবাবু বলেছেন কিছু হলে তাঁর কাছে যেতে তিনিই দেখে দেবেন চিন্তা করতে হবে না একদম তাঁকে কোনও। হ্যাঁ, চিন্তা আগের থেকে একটু কমেছে তাঁর। মেয়ের একটা কাজ হয়েছে আর কি। গান ভালোবাসে তাঁর মেয়ে। সংগীতভবনে পড়ার পর্ব শেষ করে এম এ পড়া শেষ করে এখন কাজ করছে সে বলেই কেমন একটু তাঁর মুখে বেমানান হাসি দেখা যায় হঠাৎ করেই।  

সেই বোলপুরের স্টেশনের ওপার থেকে সাইকেল চালিয়ে তাঁর প্রতিদিন শ্রীনিকেতন রোডে এই দোকান খুলতে আসা। সেই দোকানে বসে আপন মনে সেলাই এর কাজ করা একমনে। ধীরে ধীরে তাঁর চোখের দৃষ্টি ঝাপসা হয়েছে আগের থেকে অনেক। সেলাই করতে করতে তিনিও মাঝে মাঝে এই বদলে যাওয়া শহরকে নিরীক্ষণ করেন ধীর দৃষ্টিতে। বেশ দ্রুত গতিতে বদলে গেলো এই ফাঁকা শহরটা এই পঞ্চাশ বছরে কেমন করে মনে মনে ভাবেন তিনি। বদলে গেলো শহরের চিত্রও। ফাঁকা শহরে এখন বড়ো বড়ো দোকান হলো কি সব বলে ওরা মল এলো। ঝাঁ চকচকে ঠাণ্ডা হাওয়া মাখা দোকানের সামনে ভীড় বাড়লো। আর তাঁর দোকানে জামা প্যান্ট তৈরি করতে আসা লোকদের সংখ্যা কমতে থাকলো ক্রমেই ধীরে ধীরে। 

 তবু তো তিনি এই ভেঙে পড়া দোকানকে আঁকড়েই বেঁচে আছেন আজও এই বয়সেও। যে দোকান তাঁর জীবন, যৌবন, বার্ধক্য সব, সব কিছুই। যে দোকান তাঁর প্রেম, ভালোবাসা, বন্ধন সব কিছুই। যে ভাঙা পলেস্তারা খসে পড়া আর চাঙর ভেঙে পড়া এই দোকানকে ভালোবেসেই তাঁর জীবনের এতগুলো বছর কেটে গেলো শুধু সেলাই করতে করতে। যে ছুঁচ সুতো আর সেলাই মেসিন এর দ্রুত আওয়াজ শুনতে শুনতেই তাঁর জীবনের এতোগুলো বছর কেটে গেলো কেমন করে তিনি টেরই পেলেন না একদম। আর এর মাঝে বদলে গেলো এই পুরোনো ছবির মত সুন্দর বোলপুর শহর, বদলে গেলো শহরের লালমাটির পথ, বদলে গেলো শহরের রাজনীতি, বদলে গেলো কতকিছুই। শুধু তিনি নিজেই নিজেকে বদলে নিতে পারলেন না এই বুড়ো বয়সেও। 

সেলাই করা কারিগর নবদার গল্প - অভিজিৎ বসু।
ষোলো ফেব্রুয়ারী দু হাজার পঁচিশ।
ছবি নিজের মোবাইল ক্যামেরায় তোলা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দ্রোহ আর বিদ্রোহের ঘেরা টোপে বন্দী কার্নিভাল

একটা শব্দ ইদানিং বেশ হাটে মাঠে ঘাটে সব জায়গায় ঘুরছে দ্রোহ। বিশেষ্য পদের এই শব্দ দ্রোহ হলো অনিষ্টাচারণ, অপকার, শত্রুতা, কলহ, আর বিরুদ্ধতা,পরাভব,অভিভব। এমন নানা শব্দবন্ধের মোড়কে আবদ্ধ হলো এই দ্রোহ। যে দ্রোহের ঘেরাটোপে বন্দী হয়েছে উৎসব, বন্দী হয়েছে কার্নিভাল, বন্দী হয়েছে আমাদের রাজনৈতিক সংঘাত। যে সংঘাত অনিবার্য ভাবেই সৃষ্টি করেছে নানা আন্দোলন আর সেই আন্দোলনের পাল্টা জবাব দেওয়া।  আসলে এর মধ্যেই যে লুকিয়ে আছে সুক্ষ্ম রাজনীতির মারপ্যাঁচ। যে রাজনীতির বৃত্তে নানা ভাবে ঘুরপাক খাচ্ছে আন্দোলনকারী চিকিৎসক থেকে শুরু করে বাম, ডান, লাল, সবুজ আর গেরুয়া দল সবাই। সবটাই যে রাজনীতির হিসেব আর নিকেশের ঘেরাটোপে বন্দী। সে দ্রোহ হোক বা বিদ্রোহ হোক। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে,শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে, আমরণ অনশন কর্মসূচি থেকে নানা আন্দোলন করে চিকিৎসকরা বুঝিয়ে দিতে চান যে তারা যে করেই হোক জয়লাভ করতে চান এই আন্দোলনে। যে আন্দোলন একমাত্র তাদেরই তৈরি করা আন্দোলন।  কিন্তু সেই আন্দোলনের মাঝে কলকাতায় হলো জোড়া কার্নিভাল। একটি পূজোর জমজমাট কার্নিভাল। র...

উত্তরপাড়ার রামঘাটের গোপাল দা

এটা সেই উত্তরপাড়ার রামঘাটের প্রতিবন্ধীদের নিয়ে স্কুল চালানো একটি ভগ্নপ্রায় বাড়ী আর সেই পরিচিত গোপালদার চেনা অফিস। যে অফিসে সন্ধ্যা হলেই সাইকেল চালিয়ে চলে আসতেন আমাদের সবার প্রিয় গোপাল দা। হ্যাঁ, সেই উত্তরপাড়ার গোপাল চ্যাটার্জী। আমাদের হুগলী জেলার ছোটো কুচোকাচা সাংবাদিক দের ছোটো ছোটো খবর দেওয়া গোপাল দা। সেই প্রিয়রঞ্জন দাসমুন্সীর হাত ধরে কংগ্রেস করা সেই গোপাল চট্টোপাধ্যায়। যখন লাল পার্টির দাপটে বিরোধী দল করা বেশ কষ্টের ছিল সেই আমলে গোপাল দা বুক চিতিয়ে হাত কংগ্রেস করতে ভয় পেতেন না একদমই। সেই বর্তমানে বিখ্যাত তখন ওহ লাভলি নেতা মদন মিত্র এত বিখ্যাত ছিলেন না সেই সময়ে সেই আমলে। সেই মদন মিত্র আসতেন এই রামঘাটের অফিসে বেশ সুন্দর করে সেজেগুজে মাথাভর্তি চুলে চিরুনি অভিযান করে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সেই বাড়ির সামনে তখন কত ভীড় জমে যেতো মদন দা এলেই। সাদা ঘের ওলা বেলবটস প্যান্ট আর টকটকে লাল টাইট গেঞ্জি পড়ে এখনকার মত এত বিখ্যাত না হয়েও চোখে রঙিন চশমা না পরেও সাংবাদিকদের হাসিমুখে সামলে দিতেন তিনি। বলতেন গঙ্গার ধারের এই জায়গাটা গোপাল বেশ সুন্দর জায়গা কিন্তু তোর জন্য ক...

অ্যাকোরিয়াম

ফাঁকা ঘরের মধ্যে শুন্য অ্যাকোরিয়াম। জলহীন। মাছহীন। জীবনহীন। উচ্ছাসহীন। অনিন্দ্য অনবদ্য আনন্দহীন একটা পড়ে থাকা ছোট্টো অ্যাকোরিয়াম। শুকনো খটখটে কিছু নকল গাছপালা ঘেরা একটা নকল জগৎ। যে জগৎ এর সবটাই কেমন নকল যেনো আসল শুধু ওর উপস্থিতিটাই। নকল ভালবাসাহীন একটা মায়া আর মমতাহীন একটা জগৎ। যে জগতের বাসিন্দারা হারিয়ে গেছে বহুদিন আগেই আমার এই আঁকিবুঁকিময় জীবন থেকে।  বছর কয়েক আগেও কত সুন্দর নানা রংয়ের জীবন ঘুরে বেড়াতো এই আমার সাজানো চৌকো বাক্সের ভিতর। তারা সবাই খেলা করতো। একে অপরের পিছনে লাগতো। এ ওকে ঠোঁট দিয়ে ঠোকর মারতো। দৌড়ে বেড়াতো। তারা ওপর নীচ করতো। ঘুরে বেড়াতো। লেজ নাড়তো। আর রাতের বেলায় নীল নরম আলোর স্পর্শ গায়ে মেখে আনন্দে বেঁচে থাকতো, তারা জলের বুদবুদ গায়ে মেখে স্নান করে। একে অপরের সাথে গা ঘষাঘষি করে দিব্যি বেঁচে থাকতো তারা। হেসে, খেলে, ঘুরে বেড়িয়ে, ছুটে চলে আবার কখনও ক্লান্ত হয়ে। রাতের খাবার দিলেই তারা সবাই কেমন আনন্দে ঝাঁপিয়ে পড়তে ভালবাসত খাবার খেতে। আর যে ঝাঁপিয়ে পড়া দেখে মন ভালো হতো আমার। আজ সব কেমন যেন শূন্য হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে ঝাঁপিয়ে পড়ার আ...

অচেনা মাঠে জেতা এক মানুষের গল্প

আসলে হেরে যাওয়া মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে বেশ এই শীতের নিশুতি রাতে আমার ভালই লাগে। লেপ মুড়ি দিয়ে শুয়ে ঠিক যেনো সেই ডিয়ার লটারীতে কোটি টাকা মিলবে এই স্বপ্ন দেখা আর কি। আমিও যে তার ব্যাতিক্রম নই। আর হারতে হারতে খেলার মাঠ থেকে পড়ে গিয়েও আবার উঠে হাত পা ঝেড়ে ফেলে এগিয়ে যেতে যেতে নতুন করে স্বপ্ন দেখা এক মানুষের লড়াই করা দেখতেও বেশ মন্দ লাগে না আমার কিন্তু। স্বপ্ন দেখা যে মানুষের নেশা। কেউ কেউ তো হাসি ঠাট্টা করে তামাশা করে বলে দুর বাংলার মাটি ছেড়ে, দীঘার সমুদ্রের নোনা জল ছেড়ে আরব সাগরের জলে পা ভিজিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা আবার কি সাংবাদিকতা নাকি। জ্যোতি বসুর বিখ্যাত উক্তির মত এমন তো কতই হয় আর কতই দেখলাম। আসলে বাংলা হলো সংষ্কৃতির পীঠস্থান, বাংলা হলো সাংবাদিকতার পীঠস্থান।  যেখানে একসময়ের লাল মাটি আর বর্তমানের সবুজ মাটিতে খবরের সোনার ফসল ফলে হাসতে হাসতে। সেই বাংলার মাটি ছেড়ে ওই দুর্ভিক্ষের রাজ্য কালাহান্ডির ওড়িশা আর মুম্বাই এর আরব সাগরের জল তো নোনা কবেই লিখেছেন সাহিত্যিক সমরেশ বসু। সেই জলে জলকেলি করে এক নম্বর হয়ে এত লাফালাফির কি আছে ভাই। সিনেমা...

ইটিভির সুদীপ্ত চট্টোপাধ্যায়

কদিন আগেই ভোটের ডিউটি করতে এসে বোলপুরে ফোন করেছিল আমায়। কিছুদিন আগেই নিউজ এইট্টিন এর অফিসে চাকরি করার সময় কথা হয়েছিল আমার আর ওর মোবাইল ফোনে। মহাকরণে সেই পুরোনো সময়ে দুজনের মধ্যে দেখা হলে হাসি মুখেই কথা হতো আমার। সেই ইটিভির সুদীপ্ত চট্টোপাধ্যায়। সেই সুদীপ্ত আর সঞ্চিতার জুটি। সেই ওর হাসি মুখের কথা কি হলো কাকা, কি খবর গো। কিছু খবর আছে নাকি। এমন টুকটাক কথা, কম যোগাযোগ দিয়েই চলছিল আমাদের সম্পর্ক।  তবু আজ মনে পড়লো আমার সেই সুদীপ্তর কথা। একটু কাঠখোট্টা। মুখে আমার মত অত খারাপ নয় একটু মধু কম দিয়ে কথা বলে ও। একটু চুপচাপ থাকা সাংবাদিক সুদীপ্ত চট্টোপাধ্যায়। নদীয়ার কৃষ্ণনগরে কাজ করা সুদীপ্ত। সেই ইটিভির পুরোনো আমলের লোক সুদীপ্ত। হায়দরাবাদ ডেস্ক থেকে কলকাতায় এসেছিল মনে হয়। আজকাল বুড়ো হয়ে কিছুই মনে আসে না আমার। সেই সঞ্চিতার হায়দরাবাদ এ কাজ করা। ওদের পরিচয়, প্রেম, বিয়ে। জীবন তো এই ভাবেই জড়িয়ে যায় একে অপরের সাথে। সেই সঞ্চিতার বাবা আর মায়ের আমার সাথে হুগলী জেলায় কাজ করতাম সেই সময় কথা হতো কত। সেই তেলিনীপাড়ায় জগদ্ধাত্রী পূজোর সময় অঞ্জলি দিতে যাওয়া। জ...