সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জয় মা মঙ্গলচন্ডী

মা মঙ্গলচণ্ডী, যাঁহার নাম মধুর ও মনোহর, যাঁহার হস্তে বর ও অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্তপদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বলরূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ কৌষেয় (চেলির) বস্ত্র পরিধান করিয়া আছেন, যিনি সহাস্যবদনা, সুন্দরাননা ও নবযৌবনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনিই হলেন দেবী মঙ্গলচণ্ডী।

বিশ্বের মূল স্বরূপা প্রকৃতিদেবীর মুখ হ’তে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টিকার্য্যে মঙ্গলরূপা এবং সংহারকার্য্যে কোপরূপিণী, এইজন্য পণ্ডিতগণ তাঁকে মঙ্গলচণ্ডী বলিয়া অভিহিত করেন।” “দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। প্রতি মঙ্গলবারে তাঁহার পূজা বিধেয়। মনু বংশীয় মঙ্গল রাজা নিরন্তর তাঁহার পূজা করিতেন।”

জৈষ্ঠ্যমাসের প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্যই এ ব্রতের অনুষ্ঠান। মঙ্গলচণ্ডী ব্রতের নানা রূপ আছে। কুমারীরা যে মঙ্গলচণ্ডী ব্রতের আচরণ করে, তা অতি সহজ ও সংক্ষিপ্ত। দেবী অপ্রাকৃত মহিমার প্রশস্তিগীতি ব্রতের ছড়ায় এসে ধরা দেয়।

জয় মঙ্গলবারের ব্রতকথা নিয়ে নানা গল্প কথা আছে।
এক দেশে একজন সওদাগর আর একজন বেনে বাস করত। সওদাগরের সাত ছেলে, একটিও মেয়ে হয়নি।বেনের আবার সাত মেয়ে, ছেলে হয়নি। ‘একদিন মা মঙ্গলচণ্ডী বৃদ্ধ ব্রাহ্মণীর বেশধরে ছলতে গেল। আগে গেলেন বেনের বাড়ি ; গিয়ে বললেন, ‘ওমা! দুটি ভিক্ষা দাও গো। ‘বেনেবউ তাড়াতাড়ি ভিক্ষা নিয়ে এল ব্রাহ্মণী বললেন, ‘তোমার কটি ছেলে, কটি মেয়ে মা? ‘আমার সাতটি মেয়ে, ছেলে হয়নি বাছা! ‘’ছেলে হয়নি! আমি ছেলে – আটকুড়র মুখ দেখিনা, মেয়ে – আঁটকুড়ার ভিক্ষা লই না। ‘এই বলে ব্রাহ্মণী যেমনি চলে যাবে, অমনি বেনে বউ পায়ে ধরে কাঁদতে লাগল। ব্রাহ্মণী একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে, নাম রেখো জয়দেব।

 ‘এই বলে সেখান থেকে সওদাগরের বাড়ি চলে গেলেন। সেখানে গিয়ে অনুরূপ ভাবে ভিক্ষা চাইলেন। সওদাগরের বউ ভিক্ষা নিয়ে এলে ব্রাহ্মণী তা নিতে অস্বীকার করেন। কারন তিনি ছেলে আঁটকুড়ার মুখ দেখেন না। তিনি বললেন ‘এই ফলটি রেখে দাও, ধুয়ে জল খেও।তাহলে তোমার একটি মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। ‘এই কথা বলে তিনি অন্তর্ধান হলেন। তারা সেই ফল খেতে দুজনেই অন্তঃসত্ত্বা হল।

 সওদাগরের মেয়ে হল, বেনের ছেলে হল। ছেলের নাম হল জয়দেব, মেয়ের নাম হল জয়াবতী। দুজন দিনে দিনে বড় হতে লাগলো। জয়াবতী ফুল তুলে, পূজা করে, মঙ্গলবার করে – কথা শোনে। একদিন জয়দেব বললে মা! আমি জয়াবতীকে বিবাহ করবো। মা বললেন, ‘সে কি বাবা! তুমি গরিব ছেলে – বড় মানুষের মেয়ে তোমার সঙ্গে বিয়ে দেবে কেনো? তারপর মা মঙ্গলচণ্ডী অন্তর্ধান হলেন। সওদাগরের ভয়ে আকুল হয়ে, সেই পাত্রের সাথে জয়াবতীর বিয়ে দিলেন। সোনা, দানা,বাউটি দিয়ে, হাওদা বেঁধে বর কনে পাঠিয়ে দিলেন।

পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়ল আজ মঙ্গলবার। তখন জয়াবতী গুনগুন করে কথা বলতে লাগল। জয়দেব বললো..’ও কি জয়াবতী? কি গুনগুন করছো, বিড় বিড় করে বকছো কেন?”, জয়াবতী বললে – ‘গুনগুন কিছুই করিনি, আজ মঙ্গলবার, তাই মা মঙ্গলচন্ডীর কথা শুনছি।’ জয়দেব বললো – ‘মঙ্গলবার করলে কি হয়?’, জয়াবতী – ‘হারালে পায়, স্বামী পুত্র জলে ডোবে না, আগুনে পোড়ে না, মরলে বাঁচে।’ 

খানিক পথ গিয়ে জয়দেব বললো, ‘জয়াবতী! এখানে বড় ডাকাতের ভয়! ওই যে নদী দেখছ, ওইখান থেকে ডাকাতেরা এসে সব লুটপাট করে নিয়ে যায়, তোমার গায়ের সব গয়না আমায় খুলে দাও।’ জয়দেব গয়না খুলে নিয়ে একটা পুঁটলি করে ঝপাং করে জলে ফেলে দিলো। জয়াবতী চুপ করে রইল, কিছু বললো না। বর কনে ঘরে গেল। জয়দেবের মা ও সাত বোন বরণ করে বর-কনে কে ঘরে তুলল। পাড়ার সব মেয়ে বউরা দেখতে এলো। যে দেখে সেই নিন্দে করে, বলে ‘ওমা! বড় মানুষের মেয়ে যে গো? গায়ে একটু রাঙরত্তি কিছুই দেয়নি যে। একখানি ভালো কাপড় পর্যন্ত দেয়নি।’ বেনেগিন্নি বললো, ‘চুপ করো বোন, কিছু বলো না। আমার যেমন বরাত।’

আজ বউভাত হবে, মা মঙ্গলচন্ডী দেশের সব মাছ হরণ করলেন, কোথাও মাছ পাওয়া গেল না। সাত খানা গাঁয়ের বেনে কুটুম্ব খেতে বলা হয়েছে। কী হবে? নদীতে জাল ফেলে একটা প্রকাণ্ড রাঘব বোয়াল পাওয়া গেল। সে মাছ কেউ কুটতে পারলো না। কুড়ুল ভেঙে গেল, তবু মাছ কেউ কুটতে পারলো না। জয়দেব বললো – ‘মা! জয়াবতীকে মাছ কুটতে দাও।’ জয়দেবে মা বললে- ‘তুই কি ক্ষেপেছিস? ও ছেলেমানুষ, ও কি মাছ কুটতে পারে?’, ‘হ্যাঁ পারবে’ বলে জয়দেব বঁটি এগিয়ে দিল। জয়াবতী ঘোমটা দিয়ে মা মঙ্গলচন্ডীর নাম করে যেমনি মাছটি তুলে বঁটিতে ধরেছে, অমনি মাছটি দুখান হয়ে গেল। মাছের পেটের ভেতর থেকে জয়াবতীর সেই গয়নার পু্ঁটলি বের হয়ে এলো। জয়াবতী মাছ ফেলে রেখে পু্ঁটলিটি নিয়ে ঘরে চলে গেল। কিছুক্ষন পর ভালো কাপড় পড়ে, সাথে হিরে জড়োয়ার গয়না পড়ে, ঝম ঝম করে বাইরে এসে মাছ কুটতে বসলো।

সবাই অবাক হয়ে চেয়ে রইল, জয়দেব হাসতে থাকল। তারপর সকলে ভেবে অস্থির, এত লোকের রান্না কে রাঁধবে? জয়দেব বললো – ‘কেন? জয়াবতী রাঁধবে।’ জয়াবতী মাথা নেড়ে স্বীকার করলো.. মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রান্নাঘরে যেতেই এক দন্ডের মধ্যে ৫০০ লোকের রান্না হয়ে গেল। লোকজন সব খেয়ে বলতে লাগলো – ‘এমন খাওয়া আমরা কখনো খাইনি। কী চমৎকার রান্না।’ – বলে ধন্যি ধন্যি করে চলে গেল।

 কিছুদিন পর জয়াবতীর এক ছেলে হল। নাতির মুখ দেখে জয়াবতীর শ্বশুর-শ্বাশুড়ি স্বর্গে গেলেন। জয়াবতী ছেলেকে ঘরে ঘুম পাড়িয়ে কাজকর্ম করছে, এমন সময় জয়দেব ছেলেটিকে তুলে নিয়ে কুমোরদের পনের মধ্যে গুঁজে রেখে এলো। তারা যতই পনে আগুন দেয়, ততই নিভে যায়। কুমোরদের গিন্নি গিয়ে দেখে, জয়াবতীর ছেলে পনের ভেতর শুয়ে খেলা করছে। সে তখন তাড়াতাড়ি ছেলেকে নিয়ে জয়াবতীর কাছে দিয়ে এল। আর একদিন জয়দেব ছেলেটিকে নিয়ে নদীর জলে ফেলে দিয়ে এল। জয়াবতী জল আনতে গেলে, ছেলেটিও তার সাথে সাথে উঠে এলো। জয়দেব দেখে আশ্চর্য হল কিন্তু ভ্রম গেল না। তারপর জয়াবতীর আর একটি ছেলে ও একটি মেয়ে হল। একদিন জয়াবতীর ছোট ছেলেটি দোতলায় শুয়ে আছে, ছেলে মেয়ে দুটি সেখানে খেলা করছে। জয়দেব একখান কাতান নিয়ে ছোট ছেলেটির গলায় কোপ মারছে কিন্তু ছেলে কাটা যাচ্ছে না। জয়াবতী তাড়াতাড়ি জয়দেবের হাত ধরে বললো, ‘একি তুমি কি করছো? এতবার এত পরীক্ষা করলে, তবুও বিশ্বাস হল না? আমি তো বলছি যে, মা মঙ্গলচন্ডীর কৃপায় আমার কোন অমঙ্গল ঘটবে না।’ তখন জয়দেব বললো – ‘তুমি যখন এমন ব্রত জানো, তাহলে আমরা মর্ত্যে থাকি কেন, চলো স্বর্গে যাই।’ জয়াবতী বললে – ‘আগে ছেলে মেয়ের বিয়ে হোক, বউমা হোক, জামাই হোক, তারপর স্বর্গে যাব।’ দিন কতক পরে জয়াবতীর ছেলে মেয়ের বিয়ে হল। মনের সুখে দিন কতক সংসার করে, জয়াবতী বউ-ঝিয়েদের ঘরকন্না বুঝিয়ে দিলে। স্বর্গ থেকে পুষ্পক রথ নেমে এল, চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো। বউ ঝিয়ে দের জয় মঙ্গলবারের ব্রত করতে বলে, জয়দেব ও জয়াবতী স্বর্গে চলে গেল। সেই অবধি জয় মঙ্গলবার পৃথিবীতে প্রচার হল চারিদিকে।

মঙ্গলচণ্ডী ব্রতঃ
দেবী অপ্রাকৃত মহিমার প্রশস্তিগীতি ব্রতের ছড়ায় এসে ধরা দেয়।
যথা —
সোনার মা ঘট বামনী।
রূপোর মা মঙ্গলচণ্ডী।।
এতক্ষণ গিয়েছিলেন না
কাহার বাড়ি?
হাসতে খেলতে তেল সিন্দুর মাখতে
পাটের শাড়ি পরতে সোনার দোলায় দুলতে
হয়েছে এত দেরী।
নির্ধনের ধন দিতে
কানায় নয়ন দিতে
নিপুত্রের পুত্র দিতে
খোঁড়ায় চলতে দিতে
হয়েছে এত দেরী।”

মঙ্গলচণ্ডীর পুজোয় এখনও মেয়েরা আওড়ায় এই মন্ত্র ,
“আটকাটি,
আটমুঠি সোনার মঙ্গলচণ্ডী রুপোর পা,
কেন মাগো মঙ্গলচণ্ডী হল এত বেলা?
হাসতে খেলতে ,
তেলহলুদ মাখতে ,
আঘাটায় ঘাট করতে ,
আইবুড়োর বিয়ে দিতে ,
অন্ধের চক্ষু দিতে ,
বোবার বোল ফোটাতে,
ঘরের ঝি বৌ রাখতে ঢাকতে হল এত বেলা৷”

– এ ভাবেই সংসারের রমণীটি সংসারের সার্বিক সুখ শান্তি কামনা করে থাকে৷ আর একটা কারণ হল, গ্রীষ্মের দাবদাহে ফুটিফাটা বাংলার মাঠঘাট৷ মা চণ্ডীর পুজোয় যদি সময়মতো বর্ষা নামে, সেই আশায় মা চণ্ডীর শরণাপন্ন হওয়া৷

অভীষ্ট সিদ্ধিমানসে হিন্দু মহিলা মঙ্গলবারে মঙ্গলচণ্ডী দেবীর অর্চনা ও ব্রত উপসাবাদি করে থাকেন। ধনপতি সওদাগরের পত্নী খুল্লনা প্রথম মঙ্গলচণ্ডীদেবীর পূজার প্রবর্তন করেন। এই খুল্লনার নামানুসারেই বাংলাদেশের ‘খুলনা’ জেলার নামকরণ হয়েছে বলে জনশ্রুতি। দেবীর করুণাশক্তি অমোঘ। তাঁর শরণাগত হলে নির্ধন ধনী হয়, অন্ধ নয়ন পায়, বন্ধ্যা পুত্র লাভ করে, খঞ্জ চরণযুক্ত হয়। সংসারজীবনে এই মঙ্গলময়ীর আরাধনা তাই একান্তই প্রয়োজন। কুমারীজীবন থেকেই তারা আরাধনা শুরু করে এবং সমগ্র জীবনব্যাপী তা চলতে থাকে।

আজ জৈষ্ঠ্য মাসের শেষ মঙ্গলবার আজকের পুজোর সাথে সাথে এবছরের মতোন জয় মঙ্গলবারের ব্রত শেষ হলো। মায়ের কাছে প্রার্থনা করি সারা বছর যেন মায়ের আশীর্বাদ‌ সকলের সাথে থাকে। এই পূজোর দিন উত্তরপাড়ায় চেয়ারম্যান দিলীপ দার বাড়ী গেলাম। বহুদিন ধরেই এই পূজো করে আসছেন তিনি। বহু পুরোনো মানুষজন এর সাথে দেখা হলো। আগের বছর যেতে পারিনি আমি। আমার মা মারা যাবার জন্য কাল অশৌচ ছিল তাই। এইবার বোলপুর থেকে এসে গেলাম তাই দিলীপ দার বাড়ী।

"আজি দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী--
তোমার অভয় বাজে হৃদয়মাঝে হৃদয়হরণী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ॥"
(রবীন্দ্রনাথ ঠাকুর)

জয় মা🙏🙏🙏

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ মায়ের দিন

আজ মায়ের দিন। দেখতে দেখতে দেয়ালের এই ছবিটা কেমন যেনো ধূসর হয়ে যাচ্ছে। সেই ছবিতে মা আমার আটকে আছে তিন বছর পার। মা বলে ডাকা হয়নি কতদিন আমার। মায়ের সাথে দেখাও হয় না আর আমার বহুদিন। আর কোনোদিন হবার সম্ভাবনা নেই। তবু এই ভোরবেলায় মায়ের দিন যাপন এর দিনে চারিদিকে শুধুই মায়ের সাথে ছবি দেখে আমার খুব কষ্ট হয় যে। সেই ছোটো বেলার লাঠির মার খেতাম আমি। ভাড়া বাড়ীর সামনে উঠোনে বাঁশে দড়ি দিয়ে হাত বেঁধে মার সেই লাল দাগ হয়ে যাওয়া আজ কিছুই নেই এই জীবনে আমার সব দাগ উবে গেছে কবেই। শুধুই সেই টালির ঘরে সেই কত বছর আগের দেওয়ালে টাঙানো একটি ছবি আছে আর কিছু ধূসর স্মৃতি। যাকে এই রাতদুপুরে কুলুঙ্গি থেকে বের করলেই দু চোখ বেয়ে জল আসে আমার এই বুড়ো বয়সেও।  কেন যে মা আমায় ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেলো কে জানে। যে মাকে ২৪ ঘণ্টার কাজ ছেড়ে দিয়ে চলে এসে চিকিৎসা করতে পারলাম না ওষুধ কিনে দিতে পারলাম না শেষকৃত্যর টাকা জোগাড় করে লোকে দিয়েছে তারপর সেই কাজ করেছি আমি। আর আজ কেন যে এমন দুমড়ে মুচড়ে যাচ্ছে আমার হৃদয় কে জানে। এতো কান্না জমে ছিল এত দিন পরেও আমার হারিয়ে যাওয়া মায়ের জন্য। যেটা ...

ওই খানে মা পুকুর পাড়ে

ওইখানে মা পুকুর-পাড়ে জিয়ল গাছের বেড়ার ধারে হোথায় হবে বনবাসী,           কেউ কোত্থাও নেই। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট কুঁড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে           থাকব দুজনেই। বাঘ ভাল্লুক অনেক আছে- আসবে না কেউ তোমার কাছে, দিনরাত্তির কোমর বেঁধে           থাকব পাহারাতে। রাক্ষসেরা ঝোপে-ঝাড়ে মারবে উঁকি আড়ে আড়ে, দেখবে আমি দাঁড়িয়ে আছি           ধনুক নিয়ে হাতে। .......রবীন্দ্রনাথ ঠাকুর টুপ টুপ বৃষ্টির দুপুরে এই কবিতার লাইন গুলো দেখে। মনে পড়ে গেলো মার কথা। বাইরে একটানা বৃষ্টির একটা অদ্ভুত আওয়াজ। কখনো কখনো বেশ জোরে, কোনো সময় একটু কম। মাথার মধ্যে কেমন ঝিম ঝিম করছে এই বৃষ্টির টানা আওয়াজ শুনে।  একটানা আওয়াজে কেমন যেন একটা অস্বস্তি ভাব। গাছের পাতাগুলো বৃষ্টির জলে ভিজে একদম চুপ চুপে হয়ে গেছে। পাতার ডগা থেকে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে নিচে।গাছের পাতাগুলোর অসময়ে স্নান করে ওদের আবার শরীর খারাপ না হয়।  জানলার ধারে সারাদিন ধরে যে পায়রা গুলো বসে থাকতো আর বক বকম করতো।...

বসন্তের মল্লিকা

মন কেমন করা ভোরে ঘুম জড়ানো চোখে, তোমার মুখে, ছড়িয়ে ছিটিয়ে লেগে আছে মল্লিকার  প্রস্ফুটিত রূপ। তোমার পুরু ওষ্ঠের কালো তিলের হাতছানি এড়াতে প্রাণপনে লড়াই করি আমি দিন ভোর। ঠিক যেমন করে কাক-কোকিলের লড়াই বাঁধে নিম গাছের মাথায় দুপুর বেলায়। যে মুখের মায়ায় আমি লুটায়ে পড়ি বার বার তোমার মল্লিকা বনে। হাজার বছর বছর ধরে অপেক্ষা করি আমি শুধু তোমারই জন্য। যে অপেক্ষার দিন, রাত, ঘন্টা, প্রহর গুনি আমি  সব সময়। রাতের অন্ধকারে মাথার ওপর ব্যবিলনের ঘড়ির ঘড় ঘড়ে আওয়াজ। দুলকি চালে চলা সিলিং ফ্যানের মাথা দুলিয়ে ঘুরে যাওয়া। হালকা হাওয়ায় উড়ে যায় পাখির পালক, উড়ে যায় বসন্তের প্রলাপ বকা বিধুর আঁধার মাখা মন। যে মনের মণিকোঠায় আজও অমলিন সেই মায়াময় হাসি, সেই কালো তিলের স্পর্শ। সেই ভেজা ঠোঁটের মন কেমন করা কুহু কুহু ডাক। আমি চুপটি করে বসে থাকি একা রাতের অন্ধকারে জানলার গারদ ধরে। গারদের ঠাণ্ডা লোহার রডে চিবুক ঠেকিয়ে বসে থাকি শুধু তোমারই জন্য। ঠাণ্ডা হাওয়ায় এলোমেলো হয়ে যায় বসন্তের প্রলাপ বকা ভোর।  যে ভোর বেলায় মল্লিকার গন্ধে মাতাল হয় আমার সারা শরীর, মন। বসন্তের মল্...

ভূত ধরার অভিযান ও রাজনীতি

ভূতের ভবিষ্যৎ এর পর এখন ভোটের ভবিষ্যত নিয়ে চিন্তায় আছে শাসক দল তৃণমূল। যদিও এতে আমার মনে হয় ভূতেরাও বেশ বিরক্ত হয়ে পড়েছে একটু। বেশ সুখেই দিন কাটছিল তাঁদের হঠাৎ করেই কেনো যে এই ভূত ধরার অভিযান শুরু হলো রাজ্যে জুড়ে কে জানে। তবে না দিদির নির্দেশ বলে কথা। ভূত ধরতে তাই সকলের নেমে পড়া মাঠে ময়দানে। দলের ছোটো , বড়ো, মেজো, সেজো, এমনকি কোলের বাচ্চারও জরুরী ভিত্তিতে ভূত ধরার অভিযানে অংশ গ্রহণ করা।  জেলায় জেলায় এখন ভূত ধরার কাজ চলছে জোর কদমে। তবে শুধু ভূত ধরলেই হবে না কত ভূত ধরা হলো। কেমন ধরনের ভূত ধরা হলো তার হিসেব পেশ করতে হবে সপ্তাহে সপ্তাহে দলীয় কার্যালয়ে। মামদো না শাকচুন্নি তারা। শুধু হিসেব পেশ করলেই হবে না ভূত ধরার কাজে সত্যিই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায়, লোক রাস্তায় সব বাড়িতে বাড়িতে গেছে কি না তার ছবিও প্রকাশ করতে হবে। সেই ছবি আপলোড করে জানাতে হবে, হ্যাঁ ভূত ধরার অভিযানে তাঁরা সামিল হয়েছেন সত্যিই সত্যিই। কেউ ফাঁকি মারেনি একদম কাজে। কেউ কাজ না করে ঘরে বসে থাকলেই সে কিন্তু বাদ পড়ে যাবে। একদম কড়া নির্দেশ দলের নেত্রীর।  ক...

ভাইফোঁটার সকাল

ভাই ফোঁটা এলেই আমার মনে পড়ে ছুটু আর বুয়ার কথা। ওরা যমজ দুই বোন। সেই আমাদের সবার কাছ থেকে হারিয়ে যাওয়া ছুটু আর বুয়ার দিদি মিষ্টুর কথা। সেই আমার বড়ো মামার নালিকুল এর বাঁশ বাগানের পাশে সেই ছোটো বাড়ির কথা। মামী বা মাইমাকে সেই নামে না ডেকে সেই সুন্দর গ্রামের বৌদি বলে ডাকা কথা। আসলে জীবন তো এমন করেই এক একটা উৎসবের আনন্দের মাঝে আমাদের কাছে ফিরে আসে এইভাবেই। নানা হারিয়ে ফেলা স্মৃতি নিয়ে।  আজ বড়দা মানে আমার বড়ো মামা নেই। কলকাতা পুলিসের কাজ করতেন তিনি। অবসর নেওয়ার আগেই মারা গেছেন তিনি। মামিমা চলে গেছেন বহুদিন হলো। আর মিষ্টু আমাদের বড়ো বোন সেও চলে গেছে অসুস্থ হয়ে বিয়ের পর। তাই আমার ভাই ফোঁটার আনন্দে ভাঁটা পড়েছে বহুকাল আগেই। তবু রাতের বেলায় অনেক খুঁজে পেতে ছুটুর উজ্জ্বল মুখের ছবি দেখে বেশ ভালো লাগলো আমার। সেই ছোটো বেলায় ওই বোধহয় কেরোসিন তেল খেয়ে হৈচৈ বাঁধিয়ে বসেছিল শ্রীরামপুরে বাড়িতে। সেকি অবস্থা হয়েছিল সেইদিন।  বাড়ির এক ছেলে হলেও ভাই ফোঁটা দেবার লোক ছিল না আমার। তাই দিদা আমায় ভাই বলে ডাকতেন তিনি সবার সাথে আমায় ফোঁটা দিতেন। তিন...