সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভূত চতুর্দশীর সেই রাত

জীবনে আলো নেই, এদিকে ঘরে টুনি লাইট লাগাচ্ছি আর স্টাইল করে ছবি তুলছি। সত্যিই কত বিচিত্র আয়োজন আর বিচিত্র জীবন। ভূত চতুর্দশীর সন্ধ্যার আলোকজ্বল এই অমলিন, ঝাপসা, ম্রিয়মান এই ছবিটা ধরা থাকলো আমার জীবনের টাইমলাইনের ফেসবুকের পাতায় আলতো করে।

 ঘরের দুয়ারে বাতি দিয়ে অন্ধকারের রাজ্যে চলে যাওয়া। আর পৃথিবী ছেড়ে চলে যাওয়া আমার আত্মীয়দের পথ দেখালাম আমি। হ্যাঁ, যে পথ ধরে আমাদের ছেড়ে যাওয়া মানুষজন এসেছিলেন তাঁরা সেই মহালয়ার পুণ্য প্রভাতে। তাঁদের তর্পণ করে স্বাগত জানিছিলাম আমরা সবাই। এতদিন ধরে এই উৎসবের আনন্দে আলোকমালায় কেমন ঘুরে বেড়ালেন তাঁরা খুশি মনে। আজকের রাত তাঁদের আবার সেই ফিরে যাওয়ার রাত। যে রাতে ঘুম আসেনা কিছুতেই। যে রাতের অন্ধকারে কত কিছুই যে ঘটে যায়। 

 যাঁরা এতদিন এই পৃথিবীর টানে, আপনজনদের টানে পৃথিবীর কাছে এসে দাঁড়িয়েছিলেন। সেই তাঁরাই আজ আমাদের ছেড়ে প্রিয়জনদের সবাইকে ছেড়ে ধীরে ধীরে চলে যাবেন দূরে,অনেক দূরে। আর আমরা তখন ঘরের দুয়ারে, উঠোনে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে সেই তাঁদের যাত্রাপথকে সুগম করবো আলোক সজ্জা দিয়ে। এটাই হলো ভূত চতুর্দশীর সেই আলো আঁধারির রাত এর ইতিহাসে লেখা কথা। যে রাতে একদিন ঘুম ভেঙে জানলার ধারে দেখেছিলাম সেই ভূতের রাজাকে। যে আমায় বর দিতে চেয়েছিল। তিন তিনটে বর। আমিও বেশ জবর জবর তিন বর পাওয়ার আশায় কেমন নড়ে চড়ে বসলাম ঘুম জড়ানো চোখে আড়মোড়া ভেঙে। ভাবলাম ভূতের বরে কাটিয়ে নেবো জীবনের অন্ধকার। কিন্তু না পারলাম না আমি।


 জীবনের এই সবার সব পারা আর না পারার বেড়াজালে আটকে গেলাম আমি সারাটা জীবনই কেমন করে। এই পারা আর না পারার সীমানায় তার বেড়াজালে আটকে গেছে আমার এই ভূত চতুর্দশীর রাত। এই টুক করে ভূতের রাজাকে নিজের মনের দুঃখ অভিমান কষ্টের কথা বলে একটু কিছু ব্যবস্থা করে নেওয়া। এই টুক করে একটু নিজেকে বদলে নেওয়া। না, সেটা আর হলো কই আমার এই পোড়া জীবনে। 


নিকষ কালো অন্ধকারের দাগকে বুকের মাঝে জড়িয়ে ধরে ভূতের রাজাকে প্রনাম জানিয়ে বললাম, আপনি এসেছেন। কেমন অন্ধকার জানলার ওপার থেকে তাঁর তাকিয়ে থাকা আমার দিকে নরম মিষ্টি চোখে হাসি নিয়ে। আর আমিও কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি তাঁর দিকে। একবছর পর ফের দেখা হলো তাঁর সাথে। কোনো কিছুরই দাবি না নিয়ে, কিছুই না চেয়ে। ভূতের রাজাকে প্রনাম জানিয়ে বলি, আবার সামনের বছর আসবেন তো এমন দিনে। মাথা ঝুঁকিয়ে দুহাতে আশীর্বাদ করে তাঁর জবাব নিশ্চয়ই, নিশ্চয়ই। কেমন একটা ভালো লাগা ছড়িয়ে পড়ে আমার গোটা শরীরে, মনে শিহরণ বয়ে যায়।

আর শুনি তিনি বলছেন, হাত নেড়ে তুই বড়ো ভালো ছেলে, ভালো ছেলে। বাঁকা পথে যাস না, যাস না। কোনোদিন বাঁকা পথে যাস না। সোজা পথে বেঁচে থাক, বেঁচে থাক। আমি অন্ধকার জানলার ওপারে দাঁড়িয়ে থাকা ভূতের রাজার কথা শুনে কেমন দ্রবীভূত হয়ে যাই। আমার জীবনের আলোহীন অন্ধকার রাতে কেমন যেন হাজার বাতির আলোয় আলোকিত হয়ে যায় আমার এই সাদা জীবন আর কালো জীবন।

 ধীরে ধীরে মিলিয়ে যান তিনি আমার জানলার ধার থেকে। আমি কেমন অপলক নয়নে তাঁর পথের দিকে তাকিয়ে থাকি ফ্যাল ফ্যাল করে। কানে বাজে একটাই কথা বাঁকা পথে যাস না, যাস না। হাজার দুঃখ কষ্ট যন্ত্রণা আর অপমানের মাঝেও কেমন যেন অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলোর ঝলকানিতে ছোটো মোমের আলোয় আলোকিত হয় আমার অন্ধকার এই ছোটো ঘরের দুয়ার, একচিলতে বারান্দা, গোটা ঘর কেমন আলোয় আলোকিত হয়ে যায়।

 আমি ভূতের রাজার জন্য ফের অপেক্ষা করি আরও একটা বছর। শুধু একটাই কথা শুনবো বলে বাঁকা পথে যাস না, যাস না। আর কিছুই চাই না শুধু ওই বাঁকা পথে না যাবার কথা শুনে, তাঁর সেই আশীর্বাদ নিয়ে। তাঁর মিষ্টি নরম চোখের উত্তাপ গায়ে মেখে আরও একটা বছর যেনো এইভাবেই সোজা পথেই চলতে পারি। সবাইকে ভূত চতুর্দশীর শুভেচ্ছা। 

ভূত চতুর্দশীর সেই রাত - অভিজিৎ বসু।
ত্রিশ অক্টোবর, দু হাজার চব্বিশ।

মন্তব্যসমূহ

  1. শাবাশ, নিজের থেকে বেরিয়ে নিজেকে নিয়ে এভাবে লেখা সহজ নয়।এভাবেই চলুক আঁকিবুঁকি।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা দেখি…প্রতিদিন মনে পড়ে কত… স্মৃতির পথ ধরে হাঁটি… লিখি…

বদলে যাওয়ার তালিকায় সবাই

ভেবেছিলাম আট থেকে আশির এই নিজেকে বদলে নেওয়ার দলে ও নাম লেখাবে না একদম কিছুতেই। গুরুগম্ভীর আর সেই অর্থপূর্ণ ভাব বিনিময় করে বেঁচে থাকা আর উচ্চপদে কর্মরত এই ব্যক্তি কী আর নিজেকে খোলস ছেড়ে বদলে নেবে হঠাৎ করেই। কেমন দেখতে লাগে এই নতুন চেহারায় ,সেটা দেখার বাসনা হবে তাঁর। কিন্তু না আমি দেখলাম এই বদলে নেওয়ার আর নিজেকে একটু উল্টেপাল্টে দেখে নেবার লোভ বড়ো ছোঁয়াচে। ঠিক বসন্তের বাতাসে উড়ে বেড়ানো পলাশের শুকনো হাসির মতই।   জানি আমায় কেউ কেউ বলবেন আবার ওকে নিয়ে লেখা। এই লেখা কত নম্বর ভাই। এই ছবি দেখে আর লেখার কি দরকার বাবা তোমার। তিনকাল গিয়ে এককাল ঠেকেছে তোমার। ওকে তেল দিয়ে আর লাভ নেই,চাকরির আশা নেই আর কোনোও তোমার। যেমন আছো তুমি তেমনি থাকো বাবা এই টোটো চালকের বেশ ধরে ঘুরে বেড়িয়ে এই এলোমেলো এলেবেলে বিন্দাস জীবন নিয়ে। আর কতবার এই মুর্শিদাবাদের ভেঙে পড়া সাম্রাজ্যের এক ব্যক্তিকে নিয়ে বার বার লিখবে আর তাঁকে প্রজেক্ট করবে তুমি এইবার তো থামো বাবা। একটু এই শেষ বেলায় হিসেব করে মেপে পা ফেলো মাঠে। না হলে যে গর্তে পড়ে বেঘোরে হাত পা ভাঙবে তোমার। আমি মনে মনে এই সব শুনে অস্ফুটে ...

আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলা

আঁকাবাঁকা পথ ধরে আমার এগিয়ে চলা। এলোমেলো এলেবেলে জীবন নিয়ে এগিয়ে চলা। যে জীবনে আবাহন আর বিসর্জন নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই কোনোদিন। যে জীবনে জড়িয়ে থাকে সুখ আবার দুঃখও। যে জীবনে জড়িয়ে থাকে নতুন কিছু পাওয়ার আশায় আনন্দে উদ্বেলিত হওয়া। আবার আমার এই সাদা জীবনের কালো কথা বা কালো জীবনের সাদা কথার ছোপ ছোপ দাগ। সেই বাঘের গায়ে ডোরা কাটা দাগ নিয়ে বেঁচে থাকা আমার। একদম নিজের মতো করেই যেখানে কারুর কাছে কোনোভাবেই তাঁর বশ্যতা মেনে নিয়ে নয় যেটা আমি পারলাম না কোনোভাবেই কোনওদিন।  তবুও জীবন যাপন তো করতেই হয় আমাদের। যে জীবনের বাঁশবনের ছায়ায় বসে দেখতে হয় বাঁশপাতার মাঝে গাছের আড়ালে লুকিয়ে থাকে ফিঙের নাচন। সেই ঝিরিঝিরি পাতার ফাঁকে মিষ্টি রোদের নরম আলো ছায়ার খেলা। যে খেলা দেখতে আমার বেশ ভালই লাগে আজকাল। যে খেলায় কত চেনা মুখের অচেনা ছবি যে ধরা পরে যায় হঠাৎ করেই কে জানে। আমি সেই ছবির ভীড়ের মাঝে কেমন বেঁহুশ হয়ে নিজেই হারিয়ে যাই এদিক, ওদিক, সেদিক। চেনা অচেনার পথ ধরে বাঁশবনের ছায়া মেখে হারিয়ে যাওয়া সেই জীবন। যে জীবনে সাদা কালো কত কিছুই না থেকে যায় দাগ র...

ঈদের চাঁদের আলো

ঈদের আকাশে শুধু এক ফালি চাঁদের অপেক্ষা। তারপর কত শত মানুষের মুখের, মলিন হাসি মাখা উজ্জ্বল সব আনন্দের মুখ।  ঘরে ফেরার অপেক্ষায় প্রহর গোনা, সব মানুষ জন। বাজিতপুর ঘাট থেকে স্টিমারের ভোঁ ভোঁ আওয়াজ। স্টিমারের গায়ে জলের ছলাৎ ছলাৎ শব্দ। বুকের মাঝে লুকিয়ে রাখা একরাশ চাপা, নিশুতি রাতের গভীর গোপন ভালোবাসা। ঠিক যেনো জুঁই ফুলের সুবাস ছড়ায় গরম কালে, সেই ভালোবাসার ধাক্কা লাগে স্টিমারের গায়ে। জলের ওপর ছড়িয়ে পড়া চাঁদের টুকরো টুকরো আলো গায়ে মেখে, দুলে ওঠে স্টিমার। জুঁই এর গন্ধ মাখা আলোর টুকরো ভেসে যায় নদীর পাড় ধরে।  সব মিলিয়ে আজ যে আমাদের খুশীর ঈদ। এই তো কিছু দিন আগেও এই ঈদের দিন শবনম এসেছিল। যে সেমাই এর পায়েস নিয়ে হাজির হয়েছিল, সুজাতার মতই আমার টালির ঘরে। যার চোখের পানিতে ভিজে গেছিলো, উঠোন, দাওয়া সব কিছুই। কেমন যেনো সুখের পরশ পেয়ে খুশি হয়ে ছিলাম আমরা দুজনেই। আজ আর চাঁদের টুকরো আলোয়, চক চক করে না শবনমের মুখ। হাজারো চড়াই উৎরাই পেরিয়ে, খুশির জোয়ার আসে না কিছুতেই, এই খুশীর দিনেও। শবনমের হাতের মুঠোয় ধরা থাকে না পায়েসের বাটি। শবনমের শুকনো বুকে মুখ লুকিয়ে খাবার...

হাসনুহানার হাতছানি

দেওয়াল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা, নানা রঙের প্রলেপ। চারিদিকে শুধুই উজ্জ্বল নানা রঙের হাতছানি। ক্যানভাসে ফুটে ওঠা, নানা রঙের ছোপ ছোপ দাগ। হাজারো রঙের মাঝে রঙহীন বিবর্ণ একা আমি। হলদে ঘাসের ওপর শিশির ভেজা ভোরের হাতছানি এড়িয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, সন্তর্পনে ঘুরে বেড়াই আমি, একা, একা। চাঁদনী রাতের আকাশে, হালকা মেঘের আড়ালে আবডালে, লুকিয়ে থাকা সব অপ্সরীর দল ঘুরে বেড়ায় সেজেগুজে। অন্ধকারের বুক চিরে জেগে ওঠা দুর আকাশে, ওই সপ্তর্ষি মন্ডলের ডাক শুনে। কেমন যেনো থমকে দাঁড়িয়ে যায়, ল্যাম্প পোস্টের ওই কালো ছায়া। হাসি মাখা রঙিন সব মুখ দেখে থমকে দাঁড়িয়ে যাই বিবর্ণ আমি, একদম একা। দিনের আলো ছেড়ে, ভীড় এড়িয়ে অন্ধকারে মুখ লুকোই আমি। পলাশ ফুলের গন্ধ এড়িয়ে, ছুটে যাই হাসনুহানার কাছে। অভিমানে মুখ লুকিয়ে সে বলে, এত দেরি করে এলে কেনো তুমি রঙিন হতে আমার কাছে। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি নত মুখে, হাসনুহানার গন্ধ বুকে নিয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, হাসনুহানার কাছে নিজেকে সঁপে দিয়ে, রঙিন হয়ে যাই আমি। হাসনু হানার হাতছানি - অভিজিৎ বসু। ছাব্বিশ মার্চ, দু হাজার চব্বিশ।