সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কমছে ঘেঁটুর গান

ঘণ্টাকর্ণ পুজো বা ঘেঁটু পুজো বা ঘেঁটু উৎসব
বসন্তে রাস্তার ধারে, ঝোপঝাড়ে,পড়ে থাকা জমিতে এই ঘেঁটু ফুল ফোটে এর অন্য নাম ভাঁটফুল। যে ফুলকে অনেকে বন জুঁইও বলে। এই ফুল নিয়েও লিখেছিলেন বাংলার কবি জীবনানন্দ দাশ।
 বেহুলার পায়ে বেজেছিল, 'বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়।'  

সত্যিই ঘুঙুরের মতই যেনো দেখতে। ঝন ঝন করে বাজে আর সেই বাজনা শুনে ছুটে আসে মৌমাছির দল সার বেঁধে। ফুলের ওপর বসে তারা মধু পান করে আনন্দে। ম্লান সবুজ খসখসে পাতার ডালের আগায় ধপধপে সাদা সাদা ফুল ফুটে আছে। মাথা দুলিয়ে একে অপরের গায়ে পড়ে খিল খিল করে হাসছে যেনো। প্রত্যেকটি ফুলে তিন-চারটি সাদা লম্বা কেশর সৌন্দর্যের হিল্লোল তোলে হাওয়ার দোলায় আর বসন্ত বাতাসে। বাংলার রূপ মেলে ধরে প্রথম বসন্তে। হাওয়ার ঝরনার স্রোতে ভেসে আসে ভোমরা, মৌমাছি, প্রজাপতি শুধু এই বন জুঁই এর টানে।

 শহরের মানুষরা এই পুজো বা উৎসব সম্পর্কে বিশেষ না জানলেও, ফাল্গুন সংক্রান্তিতে পশ্চিমবাংলায় কোথাও কোথাও এখনও ঘেঁটু উৎসব হয় বিশেষ করে গ্রামে গঞ্জে। এটি আসলে শিব-পার্বতীর পুজো। ঝুড়ি বা হাঁড়ির উপর এক পাশে গোবরের সাহায্যে কড়ি দিয়ে চোখ-মুখ ও দেহের অবয়ব দান করে বিগ্রহ তৈরি করে সকালে এই পুজো করা হয়। ঝুড়ির ভেতর ঘেঁটু ফুল সাজিয়ে দেওয়া। 

বাংলার বিভিন্ন অঞ্চলে ছোট ছোট ছেলেমেয়েরা ঘেঁটু ফুল সংগ্রহ করে। এরাই ঘেঁটু পূজারি। ওই দিন সন্ধে বেলায় তারা কলা গাছের ঘর বানিয়ে (এছাড়া নিজেরাই বিভিন্ন সাজে সজ্জিত হয় মানে বহুরূপী হয়ে) আর তাতে একটা প্রদীপ জ্বালিয়ে সেটা কাঁধে করে নিয়ে গোটা গ্রামে গৃহস্থের ঘরে ঘরে ঘুরে এরা ঘেঁটু পূজার গান গায়। ছোটো বেলার সেই গান আজ শহুরে জীবন থেকে হারিয়ে গেলেও গ্রামের জীবনে আজও তা বেঁচে আছে।


বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ছড়া প্রচলিত আছে। যেমন:-
'চাল ডাল মুলো বড়ি
ঘেঁটু এল গেরস্ত বাড়ি
চাল দাও গো...'
 বা কোথাও -

'ঘেঁটু যায় ঘেঁটু যায় গৃহস্থের বাড়ি
ঘেঁটুকে দাও গো পয়সা কড়ি।
যে দেবে মুঠো মুঠো,
তার হবে হাত ঠুঁটো
যে দেবে থালা থালা
তার হবে সোনার বালা।
যে দেবে বাটি বাটি
তার হবে সাত বেটি 
যে দেবে মড়াই মড়াই
তার দুয়ারে সোনা ছড়াই।

বা কোথাও বলা হতো -

এক কাঠা চাল দাও কুমড়োর বড়ি
যে দেবে থালা থালা তার হবে কোঠা-বালা
যে দেবে মুঠো মুঠো তার হবে হাত ঠুটো
যে দেবে এক পলা তেল তার হবে সোনার দেল'।

 আর এই ছড়া কেটে ঘুরে ঘুরে গৃহস্থের বাড়ী থেকে কিছু সংগ্রহ করা। ছোটো বেলার সেই খেলা, সেই পূজো আজ বড়ো মনে পড়ে যায় আমার। আজকাল মোবাইল দাপটের যুগে কি আর এসব চলে। হাতের মুঠোয় পৃথিবী এসে গেছে সেখানে আর এসব পুজোর কথা ভেবে বলে কি লাভ বলুন। তবুও আজ ঝোপ ঝাড় জঙ্গলে লুকিয়ে থাকার মতোই এই সব গ্রাম্য পূজো আজও বেঁচে আছে অমলিন হয়ে।

জানা যায় ঘণ্টাকর্ণের বিয়ে হয়েছিল বসন্ত-বিষফোঁড়া ইত্যাদি রোগের দেবী শীতলার সঙ্গে। আর বসন্তকালে এসব রোগের প্রাদুর্ভাব হয়। আর কী আশ্চর্য তাঁর স্বামীর নাম ঘণ্টাকর্ণ। এই ঘণ্টাকর্ণ, ঘেঁটু বা ভাঁটে জ্বর, চর্মরোগ, বিছের হুল ফোটানোতে ওষুধের কাজ করে। এমনকি ম্যালেরিয়া জ্বরে, পাণ্ডু রোগে, অজীর্ণে এর রস ওষুধ হিসেবে ভালই কাজ করে। 

আর এই জন্য চৈত্রসংক্রান্তিতে ঘণ্টাকর্ণ বৃক্ষের আরাধনা করা হয় চর্মরোগ নিবারণের জন্য। এখনো প্রত্যন্ত গ্রামের মানুষ জ্বর হলে এর পাতার রস খেয়ে থাকে। তবে আগে যেভাবে হত এখন তার অংশ বিশেষ দেখা যায়। আর ছোটখাটো বাঙালী পার্বণের মত এটিও লুপ্তপ্রায়।

এত গেলো ইতিহাস এর কথা, এবার আসি উদ্ভিদ বিজ্ঞান কি বলে সে কথায়। বিজ্ঞানের ভাষায় কি বলা হয় একে, সেটা হলো এই ভাঁট, ভাইট, বনজুঁই বা ঘেটু গুল্মজাতীয় বহুবর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ। বৈজ্ঞানিক নাম Clerondendron viscosum। এটি গ্রামবাংলার অতি পরিচিত একটি বুনো উদ্ভিদ। ভন্টাকি (ঘেঁটু) বা ভাঁট চৈতঘাড়া ফুল। ভারতবর্ষ, বাংলাদেশ ও মায়ানমার অঞ্চলে এদের দেখা যায়।

ভাঁট গাছের প্রধান কাণ্ড একেবারে সোজাভাবে দাঁড়িয়ে থাকে। সাধারণত ২ থেকে ৪ মিটার লম্বা হয় এই গাছ। পাতা ৪ থেকে ৭ ইঞ্চি লম্বা হয়। দেখতে কিছুটা পানপাতার আকৃতির ও খসখসে। ডালের শীর্ষে পুষ্পদণ্ডে ফুল ফোটে। পাপড়ির রং সাদা এবং এতে বেগুনি রঙের মিশেল আছে। বসন্ত থেকে গ্রীষ্ম অবধি ফুল ফোটে। এই ফুলের রয়েছে মিষ্টি একটা সৌরভ।


 ফুল ফোটার পর মৌমাছিরা ভাঁট ফুলের মধু সংগ্রহ করে। গ্রামের মেঠো পথের ধারে, পতিত জমির কাছে এরা জন্মে থাকে এবং কোনরূপ যত্ন ছাড়াই প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠে এই বুনো গাছটি। এছাড়াও পাহাড়ি বনের মাঝে এবং পাহাড়ি রাস্তার পাশে এদের উপস্থিতি বিশেষভাবে লক্ষনীয়।

ভাঁট গাছ ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ। এর পাতার রস শিশুর জ্বর দূর করে। এছাড়াও সনাতন ধর্মালম্বীরা ভাঁট ফুল দিয়ে ভাঁটি পূজার আয়োজন করে থাকে।
ঔষধির কাজে ব্যবহার করা হয় একে। এতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড থাকে। ফ্ল্যাভোনয়েড থাকার জন্য এটি ক্যানসার দমনে সহায়ক। এছাড়াও কৃমি, চুলকানি, কোলেস্টেরল, ব্লাড সুগার ও উদরাময় প্রভৃতি রোগ নিরাময়ে এটি সাহায্য করে। তবে এটি খুব বেশি স্বীকৃত নয়।


বাংলা সাহিত্যের অন্যতম কবি জীবনানন্দ দাশের একটি কবিতায় ভাঁট গাছের প্রসঙ্গ এসেছে, কবি লিখেছেন।

“ ভাঁট আঁশ শ্যাওড়ার বন
বাতাসে কী কথা কয় বুঝি নাকো, বুঝি নাকো চিল কেন কাঁদে;
পৃথিবীর কোনো পথে দেখি নাই আমি, হায়, এমন বিজন।

সত্যিই এই বুনো ফুল নিয়েও কবির যেনো স্বপ্নের সৃষ্টি। যে সৃষ্টি আজও ঘুঙুরের মত বাজে বসন্তের মায়ামাখা সকালে। কোকিলের মন কেমন করা ডাক শুনে ঘুম ভাঙ্গে প্রজাপতির আর মৌমাছির। ছুটে আসে মৌমাছি আর প্রজাপতির দল ফুলের পরাগ গায়ে মেখে লুট পুটি খায় একে অপরের উপর। 


দূরে মন্দিরের রাস্তায় শোনা যায় ঘেঁটু যায় ঘেঁটু যায় গৃহস্থের বাড়ী। আমি চুপ করে দাঁড়িয়ে পড়ি গ্রামের মেঠো রাস্তায়। শহর ছেড়ে একা একা হারিয়ে যাই আমি গ্রামের রাস্তায়। ওই বুনো ফুলের গন্ধ গায়ে মেখে।
কমছে ঘেঁটুর গান  - অভিজিৎ বসু।
মার্চ ১৫, দু হাজার চব্বিশ। 
ছবি সৌজন্য গুগল।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বেহাল খাতা ও আমি

রতনপল্লীর ফলপট্টির আড্ডায় আমায় নিয়ে গিয়েছিলেন মধুদা অনেক দিন আগেই এক সন্ধ্যায়। ধীরে ধীরেই মধুদার স্মৃতি ক্রমেই ঝাপসা হচ্ছে যেনো তবুও হারিয়ে যাওয়া স্মৃতিও তো ঝাপটা মারে যে কোনোও সময় বৃষ্টি ভেজা পালাবদলের সন্ধ্যায়। তবু এতদিন পরেও কেমন করে যে সেই এই আড্ডার টেবিলে পড়ে এক কোণে পড়ে থাকা থাকা বেহাল খাতা, বেহাল টেবিল আর আমার বেহাল জীবন আর এই বৃষ্টি ভেজা সন্ধ্যা সব যে মিলেমিশে একাকার হলো আমার। কে জানে সেই থপ থপ করে রাস্তা পার হওয়া সেই বুড়ো ব্যাঙের মতোই তো আমার এই বুড়ো বয়সের জীবন। আমার এলোমেলো এলেবেলে বিন্দাস সাদা জীবনের কালো কথার বেহিসেবী টোটো চালকের জীবন নিয়ে হাজির হলাম আমি বৃষ্টি ভেজা সন্ধ্যায় এই বেহাল খাতার সামনে আজ। হাজির হলাম আকাশ দেখার নেশায় সেই বুঁদ হয়ে থাকা জীবন কাটিয়ে দেওয়া সেই নিখিলেশদার ডাকে। যিনি মাটিতে পায়ে হেঁটে সাইকেল চালিয়ে দিব্যি এই বয়সেও আকাশ দেখার নেশায় আচ্ছন্ন হন বারবার। কত যে বেহাল জীবন আমাদের চারপাশে ঘুরে বেড়ায় এমন। আসলে কে আর কাকে ডাকে এই বুড়ো বয়সে ডাকে বলুন তো আজকাল। আর আমার যে ডাক পড়েনা কোথাও কোনোও জায়গায় সব জায়গায় আমি যে বা...

ওই খানে মা পুকুর পাড়ে

ওইখানে মা পুকুর-পাড়ে জিয়ল গাছের বেড়ার ধারে হোথায় হবে বনবাসী,           কেউ কোত্থাও নেই। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট কুঁড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে           থাকব দুজনেই। বাঘ ভাল্লুক অনেক আছে- আসবে না কেউ তোমার কাছে, দিনরাত্তির কোমর বেঁধে           থাকব পাহারাতে। রাক্ষসেরা ঝোপে-ঝাড়ে মারবে উঁকি আড়ে আড়ে, দেখবে আমি দাঁড়িয়ে আছি           ধনুক নিয়ে হাতে। .......রবীন্দ্রনাথ ঠাকুর টুপ টুপ বৃষ্টির দুপুরে এই কবিতার লাইন গুলো দেখে। মনে পড়ে গেলো মার কথা। বাইরে একটানা বৃষ্টির একটা অদ্ভুত আওয়াজ। কখনো কখনো বেশ জোরে, কোনো সময় একটু কম। মাথার মধ্যে কেমন ঝিম ঝিম করছে এই বৃষ্টির টানা আওয়াজ শুনে।  একটানা আওয়াজে কেমন যেন একটা অস্বস্তি ভাব। গাছের পাতাগুলো বৃষ্টির জলে ভিজে একদম চুপ চুপে হয়ে গেছে। পাতার ডগা থেকে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে নিচে।গাছের পাতাগুলোর অসময়ে স্নান করে ওদের আবার শরীর খারাপ না হয়।  জানলার ধারে সারাদিন ধরে যে পায়রা গুলো বসে থাকতো আর বক বকম করতো।...

বদলে যাওয়ার তালিকায় সবাই

ভেবেছিলাম আট থেকে আশির এই নিজেকে বদলে নেওয়ার দলে ও নাম লেখাবে না একদম কিছুতেই। গুরুগম্ভীর আর সেই অর্থপূর্ণ ভাব বিনিময় করে বেঁচে থাকা আর উচ্চপদে কর্মরত এই ব্যক্তি কী আর নিজেকে খোলস ছেড়ে বদলে নেবে হঠাৎ করেই। কেমন দেখতে লাগে এই নতুন চেহারায় ,সেটা দেখার বাসনা হবে তাঁর। কিন্তু না আমি দেখলাম এই বদলে নেওয়ার আর নিজেকে একটু উল্টেপাল্টে দেখে নেবার লোভ বড়ো ছোঁয়াচে। ঠিক বসন্তের বাতাসে উড়ে বেড়ানো পলাশের শুকনো হাসির মতই।   জানি আমায় কেউ কেউ বলবেন আবার ওকে নিয়ে লেখা। এই লেখা কত নম্বর ভাই। এই ছবি দেখে আর লেখার কি দরকার বাবা তোমার। তিনকাল গিয়ে এককাল ঠেকেছে তোমার। ওকে তেল দিয়ে আর লাভ নেই,চাকরির আশা নেই আর কোনোও তোমার। যেমন আছো তুমি তেমনি থাকো বাবা এই টোটো চালকের বেশ ধরে ঘুরে বেড়িয়ে এই এলোমেলো এলেবেলে বিন্দাস জীবন নিয়ে। আর কতবার এই মুর্শিদাবাদের ভেঙে পড়া সাম্রাজ্যের এক ব্যক্তিকে নিয়ে বার বার লিখবে আর তাঁকে প্রজেক্ট করবে তুমি এইবার তো থামো বাবা। একটু এই শেষ বেলায় হিসেব করে মেপে পা ফেলো মাঠে। না হলে যে গর্তে পড়ে বেঘোরে হাত পা ভাঙবে তোমার। আমি মনে মনে এই সব শুনে অস্ফুটে ...

বসন্তের মল্লিকা

মন কেমন করা ভোরে ঘুম জড়ানো চোখে, তোমার মুখে, ছড়িয়ে ছিটিয়ে লেগে আছে মল্লিকার  প্রস্ফুটিত রূপ। তোমার পুরু ওষ্ঠের কালো তিলের হাতছানি এড়াতে প্রাণপনে লড়াই করি আমি দিন ভোর। ঠিক যেমন করে কাক-কোকিলের লড়াই বাঁধে নিম গাছের মাথায় দুপুর বেলায়। যে মুখের মায়ায় আমি লুটায়ে পড়ি বার বার তোমার মল্লিকা বনে। হাজার বছর বছর ধরে অপেক্ষা করি আমি শুধু তোমারই জন্য। যে অপেক্ষার দিন, রাত, ঘন্টা, প্রহর গুনি আমি  সব সময়। রাতের অন্ধকারে মাথার ওপর ব্যবিলনের ঘড়ির ঘড় ঘড়ে আওয়াজ। দুলকি চালে চলা সিলিং ফ্যানের মাথা দুলিয়ে ঘুরে যাওয়া। হালকা হাওয়ায় উড়ে যায় পাখির পালক, উড়ে যায় বসন্তের প্রলাপ বকা বিধুর আঁধার মাখা মন। যে মনের মণিকোঠায় আজও অমলিন সেই মায়াময় হাসি, সেই কালো তিলের স্পর্শ। সেই ভেজা ঠোঁটের মন কেমন করা কুহু কুহু ডাক। আমি চুপটি করে বসে থাকি একা রাতের অন্ধকারে জানলার গারদ ধরে। গারদের ঠাণ্ডা লোহার রডে চিবুক ঠেকিয়ে বসে থাকি শুধু তোমারই জন্য। ঠাণ্ডা হাওয়ায় এলোমেলো হয়ে যায় বসন্তের প্রলাপ বকা ভোর।  যে ভোর বেলায় মল্লিকার গন্ধে মাতাল হয় আমার সারা শরীর, মন। বসন্তের মল্...

ভূত ধরার অভিযান ও রাজনীতি

ভূতের ভবিষ্যৎ এর পর এখন ভোটের ভবিষ্যত নিয়ে চিন্তায় আছে শাসক দল তৃণমূল। যদিও এতে আমার মনে হয় ভূতেরাও বেশ বিরক্ত হয়ে পড়েছে একটু। বেশ সুখেই দিন কাটছিল তাঁদের হঠাৎ করেই কেনো যে এই ভূত ধরার অভিযান শুরু হলো রাজ্যে জুড়ে কে জানে। তবে না দিদির নির্দেশ বলে কথা। ভূত ধরতে তাই সকলের নেমে পড়া মাঠে ময়দানে। দলের ছোটো , বড়ো, মেজো, সেজো, এমনকি কোলের বাচ্চারও জরুরী ভিত্তিতে ভূত ধরার অভিযানে অংশ গ্রহণ করা।  জেলায় জেলায় এখন ভূত ধরার কাজ চলছে জোর কদমে। তবে শুধু ভূত ধরলেই হবে না কত ভূত ধরা হলো। কেমন ধরনের ভূত ধরা হলো তার হিসেব পেশ করতে হবে সপ্তাহে সপ্তাহে দলীয় কার্যালয়ে। মামদো না শাকচুন্নি তারা। শুধু হিসেব পেশ করলেই হবে না ভূত ধরার কাজে সত্যিই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায়, লোক রাস্তায় সব বাড়িতে বাড়িতে গেছে কি না তার ছবিও প্রকাশ করতে হবে। সেই ছবি আপলোড করে জানাতে হবে, হ্যাঁ ভূত ধরার অভিযানে তাঁরা সামিল হয়েছেন সত্যিই সত্যিই। কেউ ফাঁকি মারেনি একদম কাজে। কেউ কাজ না করে ঘরে বসে থাকলেই সে কিন্তু বাদ পড়ে যাবে। একদম কড়া নির্দেশ দলের নেত্রীর।  ক...