সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দাদু সরে বসবেন

প্রথমে কাকু। তারপর একটু আমার মুখের দিকে তাকিয়ে সরি বলেই দাদু একটু সরে বসবেন। না, মাঝখানে শুধু জেঠামশাই বলেনি আমায় এটাই যা রক্ষে আর কি। স্থান রিষড়া স্টেশন। সোমবার বিকেল পাঁচটা বাজে তখন। যিনি বলছেন মেরে কেটে তার বছর কুড়ি বয়স হবে আর যাকে বলছেন সে মেরে কেটে পঞ্চান্ন বছরের বৃদ্ধ কি বলা যায় তাকে কে জানে। সিনিয়র সিটিজেন মুভমেন্ট থেকে কিছুটা দূরে অবস্থিত আর কি তার এই জীবনের সাধের ফুটো নৌকা। 


আমি দাদু শুনে একটু কেমন সেই লক্ষণের বুকে শক্তিশেল লাগার মতোই থম মেরে গেলাম যেনো। একটু সরে বসে আলগোছে চোখ তুলে দেখলাম তাকে একবার। আমার মেয়ের মতোই হবে কোনো এক কোম্পানিতে কাজ করে ফিরছে দুজনে। সঙ্গে পুরুষ সঙ্গী আছে তার জন্য জায়গা রাখতেই আমায় সরে বসার আহবান জানানো মিষ্টি গলায়। আমিও সরে বসে ভাবলাম মনে মনে সত্যিই তো জীবনের এই দীর্ঘ সময়ে দিন শেষ প্রায় আমার। হলুদ ছোপ ছোপ দাগ পড়া জীবনে এখন মরচে পড়ার লাল রঙের জং পড়া আস্তরণ জমতে শুরু করেছে ইতিমধ্যেই। 

কেমন যেনো একটা এলোমেলো এলেবেলে বিন্দাস জীবনকে আঁকড়ে ধরে ধীর পায়ে এগিয়ে চলা লাল পলাশের পদাবলীর গান শুনতে শুনতে। উদ্দেশ্যহীন ভাবেই বেঁচে থাকা আর কি। তার মাঝে শুধু ওই দাদু শুনে বুকটা কেমন ফাল্গুনের হাওয়া মাখা বিকেলে কেমন মনটা হু হু করে উঠলো আমার এই বোলপুর ঘরে ফেরার সময়। এই এত দিনের গভীর সম্পর্ক, সম্পর্কের মাঝে কত না টানা পোড়েন আর হিসেব নিকেশ। সুখ আর দুঃখের ঢেউ এর ওঠা আর নামা। বুকের মাঝে প্রেম ভালোবাসা বন্ধুত্বের মাঝে বিরহ আর হিসেব নিকেশ এর কঠিন খাতায় অংক কষে যাওয়া জীবনের শেষ দিন পর্যন্ত। 

সত্যিই জীবন বড়ই অদ্ভুত। জীবন বড়ই স্মৃতিকাতর। জীবন বড়ই মায়াময়। জীবন বড়ই বিচিত্র। যে গতিপথে কখনও ছুটে যাওয়া উল্কার গতিতে। যে গতিপথে মেঘলা আকাশে ভেসে যাওয়া জমাট মেঘের মতো। আবার কখনও সেই বহতা নদীর ধারে পলি জমে পানসি নৌকার ধীরে ধীরে এগিয়ে চলা। সত্যিই এখন তো জীবনের এই শেষ পর্বে পলি জমা নদীপথে শুধুই ভেসে যাওয়া। ভাবলাম মনে মনে ঠিক কথাই বলেছে তাহলে আমায় দাদু বলে। আসল সত্যিই কথা বলে দিয়েছে মেয়েটি জেনে বুঝে কিম্বা না বুঝেই বা হয়তো ইচ্ছা করেই। 

প্ল্যাটফর্মের মাইকে ট্রেন আসার ঘোষণা হলো। আমি ধীর পায়ে উঠে পড়লাম ওদের পাশে বসে থাকা বেঞ্চ থেকে। ধীর পায়ে হেঁটে এগিয়ে গেলাম প্ল্যাটফর্মের সামনের দিকে। একবারও ঘাড় ঘুরিয়ে দেখার সাহস হলো না আমার। ওই মেয়েটির মুখের দিকে। যে আমায় জানিয়ে দিলো কিসের আর এত বেশি ছুটোছুটি আর দৌড়ে বেড়ানো। এই জীবনের দিনতো শেষ প্রায়। জন্ম আর মৃত্যুর এই চরম সত্য কথাটি মনে করিয়ে দিলো আমায়। আমিও ট্রেন ধরে চলে এলাম নিজের ঘরে একা একদম একাই। মনে মনে গেয়ে উঠলাম হরি দিন তো গেলো সন্ধ্যা হলো পার করো আমারে। 

দাদু সরে বসবেন - অভিজিৎ বসু।
চব্বিশ ফেব্রুয়ারী দু হাজার পঁচিশ।
ছবি নিজের মোবাইল ক্যামেরায় তোলা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা দেখি…প্রতিদিন মনে পড়ে কত… স্মৃতির পথ ধরে হাঁটি… লিখি…

বদলে যাওয়ার তালিকায় সবাই

ভেবেছিলাম আট থেকে আশির এই নিজেকে বদলে নেওয়ার দলে ও নাম লেখাবে না একদম কিছুতেই। গুরুগম্ভীর আর সেই অর্থপূর্ণ ভাব বিনিময় করে বেঁচে থাকা আর উচ্চপদে কর্মরত এই ব্যক্তি কী আর নিজেকে খোলস ছেড়ে বদলে নেবে হঠাৎ করেই। কেমন দেখতে লাগে এই নতুন চেহারায় ,সেটা দেখার বাসনা হবে তাঁর। কিন্তু না আমি দেখলাম এই বদলে নেওয়ার আর নিজেকে একটু উল্টেপাল্টে দেখে নেবার লোভ বড়ো ছোঁয়াচে। ঠিক বসন্তের বাতাসে উড়ে বেড়ানো পলাশের শুকনো হাসির মতই।   জানি আমায় কেউ কেউ বলবেন আবার ওকে নিয়ে লেখা। এই লেখা কত নম্বর ভাই। এই ছবি দেখে আর লেখার কি দরকার বাবা তোমার। তিনকাল গিয়ে এককাল ঠেকেছে তোমার। ওকে তেল দিয়ে আর লাভ নেই,চাকরির আশা নেই আর কোনোও তোমার। যেমন আছো তুমি তেমনি থাকো বাবা এই টোটো চালকের বেশ ধরে ঘুরে বেড়িয়ে এই এলোমেলো এলেবেলে বিন্দাস জীবন নিয়ে। আর কতবার এই মুর্শিদাবাদের ভেঙে পড়া সাম্রাজ্যের এক ব্যক্তিকে নিয়ে বার বার লিখবে আর তাঁকে প্রজেক্ট করবে তুমি এইবার তো থামো বাবা। একটু এই শেষ বেলায় হিসেব করে মেপে পা ফেলো মাঠে। না হলে যে গর্তে পড়ে বেঘোরে হাত পা ভাঙবে তোমার। আমি মনে মনে এই সব শুনে অস্ফুটে ...

আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলা

আঁকাবাঁকা পথ ধরে আমার এগিয়ে চলা। এলোমেলো এলেবেলে জীবন নিয়ে এগিয়ে চলা। যে জীবনে আবাহন আর বিসর্জন নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই কোনোদিন। যে জীবনে জড়িয়ে থাকে সুখ আবার দুঃখও। যে জীবনে জড়িয়ে থাকে নতুন কিছু পাওয়ার আশায় আনন্দে উদ্বেলিত হওয়া। আবার আমার এই সাদা জীবনের কালো কথা বা কালো জীবনের সাদা কথার ছোপ ছোপ দাগ। সেই বাঘের গায়ে ডোরা কাটা দাগ নিয়ে বেঁচে থাকা আমার। একদম নিজের মতো করেই যেখানে কারুর কাছে কোনোভাবেই তাঁর বশ্যতা মেনে নিয়ে নয় যেটা আমি পারলাম না কোনোভাবেই কোনওদিন।  তবুও জীবন যাপন তো করতেই হয় আমাদের। যে জীবনের বাঁশবনের ছায়ায় বসে দেখতে হয় বাঁশপাতার মাঝে গাছের আড়ালে লুকিয়ে থাকে ফিঙের নাচন। সেই ঝিরিঝিরি পাতার ফাঁকে মিষ্টি রোদের নরম আলো ছায়ার খেলা। যে খেলা দেখতে আমার বেশ ভালই লাগে আজকাল। যে খেলায় কত চেনা মুখের অচেনা ছবি যে ধরা পরে যায় হঠাৎ করেই কে জানে। আমি সেই ছবির ভীড়ের মাঝে কেমন বেঁহুশ হয়ে নিজেই হারিয়ে যাই এদিক, ওদিক, সেদিক। চেনা অচেনার পথ ধরে বাঁশবনের ছায়া মেখে হারিয়ে যাওয়া সেই জীবন। যে জীবনে সাদা কালো কত কিছুই না থেকে যায় দাগ র...

হাসনুহানার হাতছানি

দেওয়াল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা, নানা রঙের প্রলেপ। চারিদিকে শুধুই উজ্জ্বল নানা রঙের হাতছানি। ক্যানভাসে ফুটে ওঠা, নানা রঙের ছোপ ছোপ দাগ। হাজারো রঙের মাঝে রঙহীন বিবর্ণ একা আমি। হলদে ঘাসের ওপর শিশির ভেজা ভোরের হাতছানি এড়িয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, সন্তর্পনে ঘুরে বেড়াই আমি, একা, একা। চাঁদনী রাতের আকাশে, হালকা মেঘের আড়ালে আবডালে, লুকিয়ে থাকা সব অপ্সরীর দল ঘুরে বেড়ায় সেজেগুজে। অন্ধকারের বুক চিরে জেগে ওঠা দুর আকাশে, ওই সপ্তর্ষি মন্ডলের ডাক শুনে। কেমন যেনো থমকে দাঁড়িয়ে যায়, ল্যাম্প পোস্টের ওই কালো ছায়া। হাসি মাখা রঙিন সব মুখ দেখে থমকে দাঁড়িয়ে যাই বিবর্ণ আমি, একদম একা। দিনের আলো ছেড়ে, ভীড় এড়িয়ে অন্ধকারে মুখ লুকোই আমি। পলাশ ফুলের গন্ধ এড়িয়ে, ছুটে যাই হাসনুহানার কাছে। অভিমানে মুখ লুকিয়ে সে বলে, এত দেরি করে এলে কেনো তুমি রঙিন হতে আমার কাছে। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি নত মুখে, হাসনুহানার গন্ধ বুকে নিয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, হাসনুহানার কাছে নিজেকে সঁপে দিয়ে, রঙিন হয়ে যাই আমি। হাসনু হানার হাতছানি - অভিজিৎ বসু। ছাব্বিশ মার্চ, দু হাজার চব্বিশ।

জয় মা মঙ্গলচন্ডী

মা মঙ্গলচণ্ডী, যাঁহার নাম মধুর ও মনোহর, যাঁহার হস্তে বর ও অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্তপদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বলরূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ কৌষেয় (চেলির) বস্ত্র পরিধান করিয়া আছেন, যিনি সহাস্যবদনা, সুন্দরাননা ও নবযৌবনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনিই হলেন দেবী মঙ্গলচণ্ডী। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতিদেবীর মুখ হ’তে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টিকার্য্যে মঙ্গলরূপা এবং সংহারকার্য্যে কোপরূপিণী, এইজন্য পণ্ডিতগণ তাঁকে মঙ্গলচণ্ডী বলিয়া অভিহিত করেন।” “দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। প্রতি মঙ্গলবারে তাঁহার পূজা বিধেয়। মনু বংশীয় মঙ্গল রাজা নিরন্তর তাঁহার পূজা করিতেন।” জৈষ্ঠ্যমাসের প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্যই এ ব্রতের অনুষ্ঠান। মঙ্গলচণ্ডী ব্রতের নানা রূপ আছে। কুমারীরা যে মঙ্গলচণ্ডী ব্রতের আচরণ করে, তা অতি সহজ ও সংক্ষিপ্ত। দেবী অপ্রাকৃত মহিমার প্রশস্তিগীতি ব্রতের ছড়ায় এস...