সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলা

আঁকাবাঁকা পথ ধরে আমার এগিয়ে চলা। এলোমেলো এলেবেলে জীবন নিয়ে এগিয়ে চলা। যে জীবনে আবাহন আর বিসর্জন নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই কোনোদিন। যে জীবনে জড়িয়ে থাকে সুখ আবার দুঃখও। যে জীবনে জড়িয়ে থাকে নতুন কিছু পাওয়ার আশায় আনন্দে উদ্বেলিত হওয়া। আবার আমার এই সাদা জীবনের কালো কথা বা কালো জীবনের সাদা কথার ছোপ ছোপ দাগ। সেই বাঘের গায়ে ডোরা কাটা দাগ নিয়ে বেঁচে থাকা আমার। একদম নিজের মতো করেই যেখানে কারুর কাছে কোনোভাবেই তাঁর বশ্যতা মেনে নিয়ে নয় যেটা আমি পারলাম না কোনোভাবেই কোনওদিন। 


তবুও জীবন যাপন তো করতেই হয় আমাদের। যে জীবনের বাঁশবনের ছায়ায় বসে দেখতে হয় বাঁশপাতার মাঝে গাছের আড়ালে লুকিয়ে থাকে ফিঙের নাচন। সেই ঝিরিঝিরি পাতার ফাঁকে মিষ্টি রোদের নরম আলো ছায়ার খেলা। যে খেলা দেখতে আমার বেশ ভালই লাগে আজকাল। যে খেলায় কত চেনা মুখের অচেনা ছবি যে ধরা পরে যায় হঠাৎ করেই কে জানে। আমি সেই ছবির ভীড়ের মাঝে কেমন বেঁহুশ হয়ে নিজেই হারিয়ে যাই এদিক, ওদিক, সেদিক। চেনা অচেনার পথ ধরে বাঁশবনের ছায়া মেখে হারিয়ে যাওয়া সেই জীবন। যে জীবনে সাদা কালো কত কিছুই না থেকে যায় দাগ রেখে যায়। যা দেখে আমার বেশ ভালই লাগে। 

এই নিঃস্তব্ধ ভোরের ঊষা লগ্নে আমি কেমন যেন চুপটি করে অনুভব করি রাত শেষে ভোরের আলোয় আর কিছুক্ষণ পরেই উদ্ভাসিত হবে এই বিশ্ব চরাচর। যে চরাচরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এদিক ওদিক কত চেনা টুকরো মুখের বিশ্বাস আর বিশ্বাস ভঙ্গের চাপা নিশ্বাস, আলোর নাচন, ভালোবাসার স্পর্শ মাখা মানুষের জীবনের অনুরণন, যে অনুরণনে কখনও আমি আনন্দ পাই, দুঃখ পাই, কষ্ট পাই, যন্ত্রণা পাই আবার সেই সব কিছুই ভুলে এগিয়ে চলি একা একাই নিজের লক্ষ্য পথ ধরে। সত্যিই অসাধারণ এই জীবন আর জীবনের চারপাশের নানা অনুভূতি। হেরে যাওয়া আর হারিয়ে দেবার অনুভূতি। যে অনুভূতির জারক রসে জারিত হতে আমার আজকাল বেশ ভালোই লাগে এই ভোরের বেলায়। 

আমার এই ভাঙাচোরা জীবনে হঠাৎ করেই বদলে যাওয়া জীবনে এ যেনো রূপকথার রাজ্যে প্রবেশ করা। আর সেই রাজ্যে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা লোভ, হিংসা,পরশ্রীকাতরতা, আত্মভরিতা, বিশ্বাস ভঙ্গের করুন সুর আর নরম ঝাপটা আমায় আক্রান্ত করে। আমি কেমন যেন নির্বাক হয়ে যাই আমার এই আঁকাবাঁকা পথ ধরে হেঁটে চলা বেবাক জীবন নিয়ে। যে জীবন আমায় বারবার আহত করে। আমি একা একাই ঘুরে বেঁচে থাকতে চাই সেই বাঁশবনের ছায়া মাখা পথ ধরে। যে পথের ধারে এইসব কিছুই অপেক্ষা করে না।

 যে পথের ধারে দাঁড়িয়ে থাকে আনমনে এলোমেলো জীবন নিয়ে দুখু মিঞার সুখী নামের মিষ্টি কালো বউ। যে কর্মহীন অর্থহীন দুখীকে বড্ড বেশি ভালোবাসে। যার চোখের অলোর ঝিলিক দেখে আমার মনের কষ্ট দুর হয়। দূরে পুকুর ধারে সাদা হাঁসের ধীরে ধীরে এগিয়ে চলা, পানকৌড়ির স্বপ্ন দেখে ঘাড় ঘুরিয়ে জলে ডুব দেওয়া, মাথার ওপর সাদা বকের ডানায় ভর করে মেঘের পথ ধরে এগিয়ে চলা আমায় কেমন আশ্বস্ত করে। আহত আমি, যন্ত্রণা বিদ্ধ আমি, ক্লান্ত অবসন্ন আমি, চেনা অচেনার দ্বন্দ্বে খাদের কিনারে পড়ে যাওয়া আমি কেমন যেনো শক্তি পাই। ঘুরে দাঁড়ানোর, বাঁচার আর বাঁচানোর শক্তি। 

সত্যিই অসাধারণ এই জীবন আর জীবনের ছায়ামাখা বাঁশবনের পথ। যে পথ কখনও উপল, আবার কখনও চপল। যে পথের চারিপাশে নানা জনের আনাগোনা। আর সেই পথ ধরে আমার এগিয়ে চলা অন্ধকার রাত থেকে ভোরের আলো মাখা পথে। যে পথের বাঁকের ধারে অপেক্ষা করে আশা নিয়ে ভরসা নিয়ে একদল মানুষ। যাঁরা আমায় ভালোবাসেন সত্যিই ভালোবাসেন। যাঁদের ভালবাসার নরম উত্তাপ গায়ে মেখে আমার এই বুড়ো বয়সেও বেঁচে থাকতে আমার সত্যিই খুব ভালো লাগে। আমার এই হেরে যাওয়া জীবনে আর হারিয়ে যাওয়া জীবনে। বেঁচে থাকার যে এত আনন্দ,আমার সাদা কালো জীবনের এই যে বর্ণময় ছন্দ তাকে নিয়ে বেঁচে থাকতে আমার বেশ ভালই লাগে। শুধু মাত্র শেষে এটাই বলি, জীবনকে দেখো জীবনই হলো সবথেকে বড় শিক্ষক। সেই জীবনের থেকে শিক্ষা নিয়ে আমার আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলি আমি একা একদম একা। 

আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলা - অভিজিৎ বসু।
তেইশ মে, দু হাজার পঁচিশ।
ছবি সৌজন্য নিজের মোবাইল ক্যামেরায় তোলা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা দেখি…প্রতিদিন মনে পড়ে কত… স্মৃতির পথ ধরে হাঁটি… লিখি…

বদলে যাওয়ার তালিকায় সবাই

ভেবেছিলাম আট থেকে আশির এই নিজেকে বদলে নেওয়ার দলে ও নাম লেখাবে না একদম কিছুতেই। গুরুগম্ভীর আর সেই অর্থপূর্ণ ভাব বিনিময় করে বেঁচে থাকা আর উচ্চপদে কর্মরত এই ব্যক্তি কী আর নিজেকে খোলস ছেড়ে বদলে নেবে হঠাৎ করেই। কেমন দেখতে লাগে এই নতুন চেহারায় ,সেটা দেখার বাসনা হবে তাঁর। কিন্তু না আমি দেখলাম এই বদলে নেওয়ার আর নিজেকে একটু উল্টেপাল্টে দেখে নেবার লোভ বড়ো ছোঁয়াচে। ঠিক বসন্তের বাতাসে উড়ে বেড়ানো পলাশের শুকনো হাসির মতই।   জানি আমায় কেউ কেউ বলবেন আবার ওকে নিয়ে লেখা। এই লেখা কত নম্বর ভাই। এই ছবি দেখে আর লেখার কি দরকার বাবা তোমার। তিনকাল গিয়ে এককাল ঠেকেছে তোমার। ওকে তেল দিয়ে আর লাভ নেই,চাকরির আশা নেই আর কোনোও তোমার। যেমন আছো তুমি তেমনি থাকো বাবা এই টোটো চালকের বেশ ধরে ঘুরে বেড়িয়ে এই এলোমেলো এলেবেলে বিন্দাস জীবন নিয়ে। আর কতবার এই মুর্শিদাবাদের ভেঙে পড়া সাম্রাজ্যের এক ব্যক্তিকে নিয়ে বার বার লিখবে আর তাঁকে প্রজেক্ট করবে তুমি এইবার তো থামো বাবা। একটু এই শেষ বেলায় হিসেব করে মেপে পা ফেলো মাঠে। না হলে যে গর্তে পড়ে বেঘোরে হাত পা ভাঙবে তোমার। আমি মনে মনে এই সব শুনে অস্ফুটে ...

হাসনুহানার হাতছানি

দেওয়াল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা, নানা রঙের প্রলেপ। চারিদিকে শুধুই উজ্জ্বল নানা রঙের হাতছানি। ক্যানভাসে ফুটে ওঠা, নানা রঙের ছোপ ছোপ দাগ। হাজারো রঙের মাঝে রঙহীন বিবর্ণ একা আমি। হলদে ঘাসের ওপর শিশির ভেজা ভোরের হাতছানি এড়িয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, সন্তর্পনে ঘুরে বেড়াই আমি, একা, একা। চাঁদনী রাতের আকাশে, হালকা মেঘের আড়ালে আবডালে, লুকিয়ে থাকা সব অপ্সরীর দল ঘুরে বেড়ায় সেজেগুজে। অন্ধকারের বুক চিরে জেগে ওঠা দুর আকাশে, ওই সপ্তর্ষি মন্ডলের ডাক শুনে। কেমন যেনো থমকে দাঁড়িয়ে যায়, ল্যাম্প পোস্টের ওই কালো ছায়া। হাসি মাখা রঙিন সব মুখ দেখে থমকে দাঁড়িয়ে যাই বিবর্ণ আমি, একদম একা। দিনের আলো ছেড়ে, ভীড় এড়িয়ে অন্ধকারে মুখ লুকোই আমি। পলাশ ফুলের গন্ধ এড়িয়ে, ছুটে যাই হাসনুহানার কাছে। অভিমানে মুখ লুকিয়ে সে বলে, এত দেরি করে এলে কেনো তুমি রঙিন হতে আমার কাছে। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি নত মুখে, হাসনুহানার গন্ধ বুকে নিয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, হাসনুহানার কাছে নিজেকে সঁপে দিয়ে, রঙিন হয়ে যাই আমি। হাসনু হানার হাতছানি - অভিজিৎ বসু। ছাব্বিশ মার্চ, দু হাজার চব্বিশ।

জয় মা মঙ্গলচন্ডী

মা মঙ্গলচণ্ডী, যাঁহার নাম মধুর ও মনোহর, যাঁহার হস্তে বর ও অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্তপদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বলরূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ কৌষেয় (চেলির) বস্ত্র পরিধান করিয়া আছেন, যিনি সহাস্যবদনা, সুন্দরাননা ও নবযৌবনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনিই হলেন দেবী মঙ্গলচণ্ডী। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতিদেবীর মুখ হ’তে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টিকার্য্যে মঙ্গলরূপা এবং সংহারকার্য্যে কোপরূপিণী, এইজন্য পণ্ডিতগণ তাঁকে মঙ্গলচণ্ডী বলিয়া অভিহিত করেন।” “দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। প্রতি মঙ্গলবারে তাঁহার পূজা বিধেয়। মনু বংশীয় মঙ্গল রাজা নিরন্তর তাঁহার পূজা করিতেন।” জৈষ্ঠ্যমাসের প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্যই এ ব্রতের অনুষ্ঠান। মঙ্গলচণ্ডী ব্রতের নানা রূপ আছে। কুমারীরা যে মঙ্গলচণ্ডী ব্রতের আচরণ করে, তা অতি সহজ ও সংক্ষিপ্ত। দেবী অপ্রাকৃত মহিমার প্রশস্তিগীতি ব্রতের ছড়ায় এস...