সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সিং দা ও আমি

সাদা জীবনের কালো কথায় আজ আমাদের সবার পরিচিত সেই সিং দার কথা। আসলে আমরা মানে সাংবাদিকরা সিং দাকে বোধহয় ওঁর আসল নামে কোনো দিনই ডাকিনি কোনোদিন। ওর খবর নিয়ে জানতে চাইনি এতদিন পর কেমন আছেন রাজনীতির বৃত্ত থেকে অনেকটা দূরে সরে থাকা আমাদের সেই সিং দা। যে একসময় রাজনীতির এই পাঠশালায় অনেক কাজ চুপচাপ করে করে দিয়েছেন কাউকে জানতে না দিয়ে। যার সুফল পেয়েছেন রাজনীতির কুশীলবরা নানা ভাবেই।

আসলে এমন কিছু কিছু মানুষ রাজনীতির বৃত্তে নেতাদের সাথে জড়িয়ে থাকেন তাদের কথা মনে থেকে যায় আমাদের সবার। অথচ রাজনীতির ময়দানে দৌড়ে বেড়ান না তাঁরা, রাজনীতির ক্ষমতা ভোগ করেন না তাঁরা, এম পি, এম এল এ হন না তাঁরা কোনোদিনই। এসব থেকে অনেকটাই দূরে থাকেন তাঁরা। কিন্তু এসব কিছু না হয়েও যেনো অনেকটা জুড়ে থাকেন রাজনীতির এই ঘূর্ণাবর্তে। ক্ষমতার এই বৃত্তে। 
ঠিক তেমনই মানুষ আমাদের সবার সিংদা। সেই চিত্তরঞ্জন সিং। আকবর আলী খোন্দকার এর একমাত্র সব সময়ের বিশ্বস্ত সহচর বলা যায় তাঁকে। কি করে যে সিংদা আকবরদার শেওড়াফুলির ছাতুগঞ্জের বাড়িতে হাজির হলো সেটা আমার ঠিক জানা নেই। কোথা থেকে এলো সেটা জানার চেষ্টাও করিনি আমি। শুনেছিলাম আকবর দা সিং দাকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন। কিন্তু এটা জানি যে সেই কবে থেকেই তো সিং দা ছিল ওই অফিস এর আর ওই আকবরদার বাড়ির একমাত্র বিশ্বস্ত সহচর। যাকে ছাড়া সেই পার্টি অফিস অচল ছিল। 

আর সেই সিংদাই তো ধীরে ধীরে সেই সময় থেকেই আকবর আলী খোন্দকার এর হাত ধরেই তাঁর কাজ এর সুবাদে সবার কাছে আমাদের সিংদা হয়ে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে সিং, তুই এটা দেখে দে। সিং দার উত্তর হ্যাঁ দিদি। মুকুল রায় এর কাছে সিং এটা দেখ তুই। হ্যাঁ দাদা। সুব্রত বকসীদার কাছে সিং কে বলে দিলেই হবে। এটাই ছিল সিং দার এক সময়ের আসল পরিচয়। দলের নানা ছোটো, বড়ো, মেজো, সেজো নেতাদের কাছে একমাত্র যে কোন কাজের সমাধান করার একটাই লোক সিং জি। দলের যে কোনো বার্তা পৌঁছে দেবার একটাই বিশ্বস্ত মানুষ। 
আর তাই এই মানুষটা যখন আকবর আলী খোন্দকার বিধায়ক হলেন তখন থেকেই ধীরে ধীরে নানা ভাবে নানা রূপে আমাদের কাছে একটা বিশেষ পরিচয় নিয়েই থাকতেন। একটা বেশ ভালো জুটি ছিল আকবরদা আর সিংদার। যে জুটিকে জেলায় অনেকেই হিংসা করতো সেই সময়। যাকগে আজ বহুদিন পর শ্রীরামপুর স্টেশনে আমার সাথে সিংদার দেখা হলো হঠাৎ করেই। কোনো এক কাজ সেরে সিংদা শ্রীরামপুর স্টেশনে নেমেছেন। আমিও বহুদিন পর শ্রীরামপুর এসেছি বোলপুর থেকে নিজের কাজে নিজের বাড়িতে। দেখা হয়ে গেলো আমাদের দুজনের। মোবাইল এর মাধ্যমে ছবি তুলে রাখলাম। ধরে রাখলাম একে অপরকে আঁকড়ে জড়িয়ে পাশে দাঁড়িয়ে হাসি মুখে।
 সিংদার মাথার চুল সব সাদা। আমার চুলেও পাক ধরেছে অনেক। দুজনের বয়স হয়েছে। তবুও কেমন যেন অল্প সময়ে স্টেশনে দাঁড়িয়ে কিছু পুরোনো দিনের স্মৃতি ঝলমল রাস্তা দিয়ে হেঁটে যাওয়া আর কি। ঠিক যেমন করে রেল লাইনের ট্র্যাক দিয়ে ট্রেন ছুটে চলে যায়। রাজনীতির বৃত্ত থেকে এখন অনেকটাই দূরে সরে গেছেন তিনি। ছেলে কলেজে পড়ছে। বলতে বলতে একটু যেনো বিহ্বল আনমনা হয়ে গেলেন তিনি। ট্রেন আসার সময় হলো। দু চার কথা হলো তারপর ট্রেন ধরে চলে গেলেন সিংদা বাড়ির পথে। আমি হাত নেড়ে বললাম দাদা তুমি ভালো থেকো। 
আসলে আমি জীবনের এই সব হারিয়ে যাওয়া জীবনকে খুঁজে বেড়াই। হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে বেড়াই। হাতড়ে বেড়াই সেই সব জীবনের কথা। যারা একসময় রাজনীতির কত উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে ছিলেন। ক্ষমতার মসনদে বসা লোকদের কত কাছ থেকে দেখেছেন। তাদের নানা কাজে সাহায্য করেছেন। তারপর ধীরে ধীরে নিজেই নিজের প্রয়োজনে এই সব ক্ষমতার বৃত্তে ঘুরপাক খাওয়া মানুষদের থেকে কিছুটা দূরে সরে গেছেন।
 কারণ হয়তো সেই প্রয়োজন আর পড়েনি তাদের কোনো সময়। দলের কাছে ও নেতাদের কাছেও ফুরিয়ে গেছে প্রয়োজন। এটাই বোধহয় আসল কথা। যেটা কিছুটা হলেও পরে বুঝতে পেরেছেন তিনি এই এতদিন পরে। আর তাই বোধহয় নিজের উদ্যোগে বাঁচার চেষ্টা করছেন এখন একা একাই। ছেলেকে মানুষ করার চেষ্টা করছেন তিনি। যাতে তাঁর জীবন যেমন হয়েছে হোক ছেলেটা যেনো নিজের পায়ে দাঁড়াতে পারে। এইভাবে তাঁর মতো ঘুরে মরতে না হয় রাস্তায়। 
আমি বললাম তুমি বলেছিলে শ্রীরামপুর এলে জানাতে তোমায়। দেখা হবে দুজনের তাই তোমায় বললাম আমি এসেছি। খুব ভালো হলো দেখা হলো তোমার সাথে কতদিন পরে বলো। হয়তো সিং দা নিয়ে অনেকে অনেকে অনেক কথা বলেন। কিন্তু আমি একটু সেসব কিছুকে আমল না দিয়ে একটু অন্যরকম ভাবে সিংজী কে আজ দেখলাম। যে সিংজী আজ একদম অন্য এক মানুষ। যার কথায় যার ফোনে কত কিছুই না কাজ হয়েছে। যাকে ভরসা করে বিশ্বাস করে কত নেতা, নেত্রী রাজনীতির ক্ষমতার স্বাদ পেয়েছেন। 
বহুকাল আগের, বহু বছর আগের একটা দিনের কথা মনে পড়ে গেলো আমার। প্রতি বছর পুজোর সময় আকবরদা এই সিংদার হাত দিয়ে কাপড় পাঠিয়ে দিতেন সাংবাদিকদের বাড়িতে বউদের। নতুন বিয়ে হয়েছে আমার। সেই শ্রীরামপুরের বটতলার নন্দী মাঠের ইটিভির অফিসে সিংদা হাজির সন্ধ্যা বেলায় মোটর বাইক নিয়ে আর প্যাকেট নিয়ে। আমায় বলল অভিজিৎদা বড় ভাই পাঠালো আমায়। আমি বললাম না গো দাদা, এটা তো নেওয়া যাবে না দাদা। তারপরেও কতবার যে সিং দা এইভাবে এসেছে প্রতি পূজো, দেওয়ালিতে মিষ্টি নিয়ে তার কোনো হিসাব নেই। কোনো সময় ফিরিয়ে দিয়েছি হাসি মুখে। আবার কোনো সময় হাত পেতে নিয়েছি সেই জিনিস।কিন্তু রাগ করতে দেখিনি কোনদিন তাঁকে।
কিন্তু যে কোনো পরিস্থিতিতে সব সময় মুখে হাসি নিয়ে যে কোনো কঠিন কাজ আর কঠিন পরিস্থিতি সামলে দিয়েছেন হাসি মুখে তিনি। যে কোনো রাজনীতির কঠিন কাজকে সহজেই উৎরে দিয়েছেন তিনি ঠিক যেনো অনুঘটকের কাজ করে। আমার বিয়ের পর সাংসদ আকবর আলী খোন্দকার এর কোটায় দিল্লী যাবার জন্য সিংদাকেই দায়িত্ব দেওয়া হয়। যে আমার রাজধানীর টিকেট কেটে দেয়ার নির্দেশ দেয় আকবর আলী খোন্দকার। সে তখন সাংসদ শ্রীরামপুর লোকসভা। অনেক সাংবাদিক তখন দিল্লী দর্শনে গিয়েছিল। 
কিন্তু আমি সেটা না নেওয়ায় আকবার দা একটু রাগ করলেও, সিং দা কিন্তু হাসি মুখে সেটা মেনে নেয়। কিন্তু কোনোদিন এসব নিয়ে কোনো কথাই বলেননি তিনি। অনেকের অনেক খবর জানলেও একদম ডান হাত আর বাম হাত কেউ জানতে পারেনি তার মাধ্যমে কোন হাত কি কাজ করছে। আর এটাই ছিল সিং দার বিশেষ একটা গুণ। যার জন্য রাজনীতির মানুষরাও সিং দাকে পছন্দ করতেন খুব। 
 এমন সব গভীর গোপন সম্পর্ক ছিল আমাদের সবার সাংবাদিকদের সাথে সিং দার।আর তাই দিল্লিতে কাজ করা সমৃদ্ধ দত্ত, সেই পুলকেশ ঘোষ, দেবাঞ্জন দাস থেকে দেবদাস অধিকারী থেকে শুরু করে গৌতম বন্দোপাধ্যায়, ফাল্গুনী বন্দোপাধ্যায়, তরুণ মুখোপাধ্যায় নীলরতন কুন্ডু সবার সাথেই ছিল দাদা ভাই এর সম্পর্ক তাঁর। এমনকি পুলিশের উচ্চপদে কাজ করা মানুষরা, ডিএম, এসপি সকলেই জানতো এই সিং জী আসল লোক এমপি সাহেবের। তাই সবাই গুরুত্ব দিয়ে চলতো তাঁকে।
আসলে এই ধরনের মানুষের সংখ্যা দ্রুত কমছে। সেই পনেরো টাকার মান্থলি টিকেট এর জন্য শেওড়াফুলির বাড়িতে কি লাইন। সব সকাল থেকে একা সামাল দিচ্ছেন এই সিং দা।আমি ফোন করে বলতাম দাদা এই নামে একটা টিকেট করে দিও গরীব লোক। কত লোকের নাম বলে যে মান্থলী টিকেট করে দিয়েছেন তিনি গরীব মানুষের তার হিসাব নেই। ভিখারী অন্তর্ধান এর সময় যাবতীয় রাজনীতির নানা কাজ করতে আকবর দাকে সাহায্য করেছেন এই সিং দা। 
আর যাকে একসময় নিজের বাড়ী ডেকে পাসপোর্ট করে দেন অজিত পাঁজা নিজেই। কলকাতার বাড়ী থেকে খানাকুল যাবেন অজিত বাবু। সেই সময় তিনি মন্ত্রী কেন্দ্রের। সিং দাকে মন্ত্রীর জিজ্ঞাসা পাশ পোর্ট আছে তোর। না, বলায় বেজায় অবাক মন্ত্রী অজিত পাঁজা। সেকি রে পাসপোর্ট নেই, দাঁড়া। সেখানেই কাগজ এনে অফিসারকে ডেকে পাসপোর্ট করে দেন অজিত বাবু নিজেই। সেই গল্প শুনছিলাম তাঁর মুখে শ্রীরামপুর ষ্টেশনে দাঁড়িয়ে। 

দিল্লির নানা ধরনের দলীয় কাজে তৃণমূলের একমাত্র বিশ্বস্ত লোক ছিলেন এই সিংদা। বিরোধী রাজনীতির অলিন্দে যার ছিল অনায়াস অবাধ যাতায়াত। যাকে একডাকে চিনতেন তৃণমূলের সব হেভিওয়েট নেতা মন্ত্রী সবাই। কিন্তু আজ সেই মানুষটাই কেমন যেনো থমকে গেছেন। পেটের টানে ছুটে বেড়াচ্ছেন এদিক ওদিক নিজের কাজে। ছেলেকে নিজের পায়ে দাঁড় করাবেন বলে প্রতিজ্ঞা করেছেন তিনি। হ্যাঁ অনেকেই বলবেন এসব বলে লিখে লাভ কি। কি হবে এসব পড়ে। আসলে লাভ এটাই এই সব মানুষরা একদিন হয়তো কত কিছুই না করেছেন নেতার জন্য, নেত্রীর জন্য, দলের জন্য। কিন্তু যে একদম একা সেই মানুষটাই।
 কিছুটা দলকে ভালোবেসে কিছুটা নেশায়। কিন্তু আজ সেই দল ক্ষমতায় এসে হয়ত এইসব মানুষদের আর মনে রেখে দেয়নি। কারণ আর দরকার পড়েনি তাদের। এটা নিয়ে হয়তো লেখার চেষ্টা করে কি লাভ আপনারা বলবেন। তবু এইসব মানুষদের জন্য তো আমরা সাংবাদিকরা অনেক কিছুই খবর পেয়েছি। অনেক কিছুই জানতে পেরেছি। যেটা হয়তো কিছুটা হলেও সম্পর্কের বন্ধন তৈরি হয়েছে আমাদের। 

সেই সম্পর্কের বন্ধন আলগা হলেও যোগসূত্র রয়ে গেছে আজও। এতদিন পরেও কেমন দুজনে বুড়ো হলেও মনে হয় এই তো সব সেদিনের কথা। আর তাই তো সেই কবে থেকে আমাদের সিং দা সবার দাদা হয়ে গেছেন। আর তাই আমি সাদা জীবনের কালো কথায় সিং দার জন্য মনে হলো কিছু লিখলে ভালো হয়। তাই লিখলাম আমি। 

এমন একটা মানুষের সন্ধান পেয়ে আমি অন্তত গর্বিত। বয়স হয়েছে বেশ সিং দার। আগের মত দৌড়ে বেড়াতে কিছুটা অসুবিধা হয় হয়তো তাঁর। আকবর দা মারা যাবার পরে শেওড়াফুলি ছেড়ে বহুদিন আগেই তিনি চলে গেছেন বাঁশবেড়িয়াতে। আমায় কতবার যে বলেছে, অভিজিৎদা তুমি বৌদি মেয়েকে নিয়ে এসো আমার বাড়ি ডাল ভাত খেয়ে যাও। হংসেশ্বরী মন্দির দর্শন করে যাও। আমি বলেছি হ্যাঁ যাবো দাদা কিন্তু যাওয়া হয় নি আমার। 
আজ বহুদিন পর রাজনীতির বহু পুরোনো দিনের এই মানুষটিকে দেখে বড়ো ভালো লাগলো আমার। মনে হলো জীবনের গড়ে ওঠা সম্পর্ক তো মরে যায় না কোনোদিন কোনোভাবেই। তাই আমার আঁকিবুঁকি ব্লগে আঁকাবাঁকা অক্ষরে কিছু কথা লিখে রাখলাম আমাদের সেই সিং দার জন্য। যার কাছে আমরা অনেকেই সাংবাদিকরাও কিছুটা হলেও অনেক কিছুই পেয়েছি। যার ঋণ আমি অন্ততঃ শোধ করতে পারবো না কোনোদিন। 
রাজনীতির বৃত্ত থেকে দূরে থাকা এই সব মানুষরা ভালো থাকুন। ট্রেন ছেড়ে দিলো। কামরায় উঠে আমাকে হাত নাড়লেন সিং দা। আমিও হাত নাড়লাম প্লাটফর্মে দাঁড়িয়ে। বললাম আবার দেখা হবে। গতি বাড়িয়ে ট্রেন চলে গেলো। ফাঁকা স্টেশনে আমি একা একা দাঁড়িয়ে রইলাম। পরে রইলো কিছু স্মৃতি আর কিছু কথা। যা ভোলা যাবে না এই জীবনে। 

সিংদা ও আমি -  অভিজিৎ বসু।
তিরিশে আগস্ট, দু হাজার চব্বিশ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বেহাল খাতা ও আমি

রতনপল্লীর ফলপট্টির আড্ডায় আমায় নিয়ে গিয়েছিলেন মধুদা অনেক দিন আগেই এক সন্ধ্যায়। ধীরে ধীরেই মধুদার স্মৃতি ক্রমেই ঝাপসা হচ্ছে যেনো তবুও হারিয়ে যাওয়া স্মৃতিও তো ঝাপটা মারে যে কোনোও সময় বৃষ্টি ভেজা পালাবদলের সন্ধ্যায়। তবু এতদিন পরেও কেমন করে যে সেই এই আড্ডার টেবিলে পড়ে এক কোণে পড়ে থাকা থাকা বেহাল খাতা, বেহাল টেবিল আর আমার বেহাল জীবন আর এই বৃষ্টি ভেজা সন্ধ্যা সব যে মিলেমিশে একাকার হলো আমার। কে জানে সেই থপ থপ করে রাস্তা পার হওয়া সেই বুড়ো ব্যাঙের মতোই তো আমার এই বুড়ো বয়সের জীবন। আমার এলোমেলো এলেবেলে বিন্দাস সাদা জীবনের কালো কথার বেহিসেবী টোটো চালকের জীবন নিয়ে হাজির হলাম আমি বৃষ্টি ভেজা সন্ধ্যায় এই বেহাল খাতার সামনে আজ। হাজির হলাম আকাশ দেখার নেশায় সেই বুঁদ হয়ে থাকা জীবন কাটিয়ে দেওয়া সেই নিখিলেশদার ডাকে। যিনি মাটিতে পায়ে হেঁটে সাইকেল চালিয়ে দিব্যি এই বয়সেও আকাশ দেখার নেশায় আচ্ছন্ন হন বারবার। কত যে বেহাল জীবন আমাদের চারপাশে ঘুরে বেড়ায় এমন। আসলে কে আর কাকে ডাকে এই বুড়ো বয়সে ডাকে বলুন তো আজকাল। আর আমার যে ডাক পড়েনা কোথাও কোনোও জায়গায় সব জায়গায় আমি যে বা...

ওই খানে মা পুকুর পাড়ে

ওইখানে মা পুকুর-পাড়ে জিয়ল গাছের বেড়ার ধারে হোথায় হবে বনবাসী,           কেউ কোত্থাও নেই। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট কুঁড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে           থাকব দুজনেই। বাঘ ভাল্লুক অনেক আছে- আসবে না কেউ তোমার কাছে, দিনরাত্তির কোমর বেঁধে           থাকব পাহারাতে। রাক্ষসেরা ঝোপে-ঝাড়ে মারবে উঁকি আড়ে আড়ে, দেখবে আমি দাঁড়িয়ে আছি           ধনুক নিয়ে হাতে। .......রবীন্দ্রনাথ ঠাকুর টুপ টুপ বৃষ্টির দুপুরে এই কবিতার লাইন গুলো দেখে। মনে পড়ে গেলো মার কথা। বাইরে একটানা বৃষ্টির একটা অদ্ভুত আওয়াজ। কখনো কখনো বেশ জোরে, কোনো সময় একটু কম। মাথার মধ্যে কেমন ঝিম ঝিম করছে এই বৃষ্টির টানা আওয়াজ শুনে।  একটানা আওয়াজে কেমন যেন একটা অস্বস্তি ভাব। গাছের পাতাগুলো বৃষ্টির জলে ভিজে একদম চুপ চুপে হয়ে গেছে। পাতার ডগা থেকে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে নিচে।গাছের পাতাগুলোর অসময়ে স্নান করে ওদের আবার শরীর খারাপ না হয়।  জানলার ধারে সারাদিন ধরে যে পায়রা গুলো বসে থাকতো আর বক বকম করতো।...

বদলে যাওয়ার তালিকায় সবাই

ভেবেছিলাম আট থেকে আশির এই নিজেকে বদলে নেওয়ার দলে ও নাম লেখাবে না একদম কিছুতেই। গুরুগম্ভীর আর সেই অর্থপূর্ণ ভাব বিনিময় করে বেঁচে থাকা আর উচ্চপদে কর্মরত এই ব্যক্তি কী আর নিজেকে খোলস ছেড়ে বদলে নেবে হঠাৎ করেই। কেমন দেখতে লাগে এই নতুন চেহারায় ,সেটা দেখার বাসনা হবে তাঁর। কিন্তু না আমি দেখলাম এই বদলে নেওয়ার আর নিজেকে একটু উল্টেপাল্টে দেখে নেবার লোভ বড়ো ছোঁয়াচে। ঠিক বসন্তের বাতাসে উড়ে বেড়ানো পলাশের শুকনো হাসির মতই।   জানি আমায় কেউ কেউ বলবেন আবার ওকে নিয়ে লেখা। এই লেখা কত নম্বর ভাই। এই ছবি দেখে আর লেখার কি দরকার বাবা তোমার। তিনকাল গিয়ে এককাল ঠেকেছে তোমার। ওকে তেল দিয়ে আর লাভ নেই,চাকরির আশা নেই আর কোনোও তোমার। যেমন আছো তুমি তেমনি থাকো বাবা এই টোটো চালকের বেশ ধরে ঘুরে বেড়িয়ে এই এলোমেলো এলেবেলে বিন্দাস জীবন নিয়ে। আর কতবার এই মুর্শিদাবাদের ভেঙে পড়া সাম্রাজ্যের এক ব্যক্তিকে নিয়ে বার বার লিখবে আর তাঁকে প্রজেক্ট করবে তুমি এইবার তো থামো বাবা। একটু এই শেষ বেলায় হিসেব করে মেপে পা ফেলো মাঠে। না হলে যে গর্তে পড়ে বেঘোরে হাত পা ভাঙবে তোমার। আমি মনে মনে এই সব শুনে অস্ফুটে ...

বসন্তের মল্লিকা

মন কেমন করা ভোরে ঘুম জড়ানো চোখে, তোমার মুখে, ছড়িয়ে ছিটিয়ে লেগে আছে মল্লিকার  প্রস্ফুটিত রূপ। তোমার পুরু ওষ্ঠের কালো তিলের হাতছানি এড়াতে প্রাণপনে লড়াই করি আমি দিন ভোর। ঠিক যেমন করে কাক-কোকিলের লড়াই বাঁধে নিম গাছের মাথায় দুপুর বেলায়। যে মুখের মায়ায় আমি লুটায়ে পড়ি বার বার তোমার মল্লিকা বনে। হাজার বছর বছর ধরে অপেক্ষা করি আমি শুধু তোমারই জন্য। যে অপেক্ষার দিন, রাত, ঘন্টা, প্রহর গুনি আমি  সব সময়। রাতের অন্ধকারে মাথার ওপর ব্যবিলনের ঘড়ির ঘড় ঘড়ে আওয়াজ। দুলকি চালে চলা সিলিং ফ্যানের মাথা দুলিয়ে ঘুরে যাওয়া। হালকা হাওয়ায় উড়ে যায় পাখির পালক, উড়ে যায় বসন্তের প্রলাপ বকা বিধুর আঁধার মাখা মন। যে মনের মণিকোঠায় আজও অমলিন সেই মায়াময় হাসি, সেই কালো তিলের স্পর্শ। সেই ভেজা ঠোঁটের মন কেমন করা কুহু কুহু ডাক। আমি চুপটি করে বসে থাকি একা রাতের অন্ধকারে জানলার গারদ ধরে। গারদের ঠাণ্ডা লোহার রডে চিবুক ঠেকিয়ে বসে থাকি শুধু তোমারই জন্য। ঠাণ্ডা হাওয়ায় এলোমেলো হয়ে যায় বসন্তের প্রলাপ বকা ভোর।  যে ভোর বেলায় মল্লিকার গন্ধে মাতাল হয় আমার সারা শরীর, মন। বসন্তের মল্...

ভূত ধরার অভিযান ও রাজনীতি

ভূতের ভবিষ্যৎ এর পর এখন ভোটের ভবিষ্যত নিয়ে চিন্তায় আছে শাসক দল তৃণমূল। যদিও এতে আমার মনে হয় ভূতেরাও বেশ বিরক্ত হয়ে পড়েছে একটু। বেশ সুখেই দিন কাটছিল তাঁদের হঠাৎ করেই কেনো যে এই ভূত ধরার অভিযান শুরু হলো রাজ্যে জুড়ে কে জানে। তবে না দিদির নির্দেশ বলে কথা। ভূত ধরতে তাই সকলের নেমে পড়া মাঠে ময়দানে। দলের ছোটো , বড়ো, মেজো, সেজো, এমনকি কোলের বাচ্চারও জরুরী ভিত্তিতে ভূত ধরার অভিযানে অংশ গ্রহণ করা।  জেলায় জেলায় এখন ভূত ধরার কাজ চলছে জোর কদমে। তবে শুধু ভূত ধরলেই হবে না কত ভূত ধরা হলো। কেমন ধরনের ভূত ধরা হলো তার হিসেব পেশ করতে হবে সপ্তাহে সপ্তাহে দলীয় কার্যালয়ে। মামদো না শাকচুন্নি তারা। শুধু হিসেব পেশ করলেই হবে না ভূত ধরার কাজে সত্যিই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায়, লোক রাস্তায় সব বাড়িতে বাড়িতে গেছে কি না তার ছবিও প্রকাশ করতে হবে। সেই ছবি আপলোড করে জানাতে হবে, হ্যাঁ ভূত ধরার অভিযানে তাঁরা সামিল হয়েছেন সত্যিই সত্যিই। কেউ ফাঁকি মারেনি একদম কাজে। কেউ কাজ না করে ঘরে বসে থাকলেই সে কিন্তু বাদ পড়ে যাবে। একদম কড়া নির্দেশ দলের নেত্রীর।  ক...