সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ব্রহ্মদৈত্য মেলা

গ্রামের লোকরা বলে এই মেলা নাকি এক মাত্র তেনাদেরই মেলা। এই তেনাদের নাম নাকি আবার যখন তখন করতে নেই কাউকে। সন্ধ্যায় আর রাতে তো একদমই নয়। তাহলে তেনারা খুবই রুষ্ট হন। আর তাঁরা যদি রেগে যান তাহলে আর রক্ষে নেই কিন্তু কোনও মতেই কারুর। আর তাই তাঁকে সন্তুষ্ট রাখতেই এই বিশেষ মেলার আয়োজন। একদম ব্রহ্মদৈত্যর মেলা বলে কথা। সত্যিই এমন মেলার কথা সচরাচর শোনা যায়না কিন্তু।


সেই তাঁকে সন্তুষ্ট করে এলাকায় শান্তি আর স্বস্তি স্থাপনের জন্য এই মেলা আর তাঁর পূজো খুব দরকার। তিনি রেগে গেলেই কিন্তু মহাবিপদ ঘটবে এলাকায়। আর তাই তেনাকে সন্তুষ্ট করতে বীরভূমের ময়ূরেশ্বর থানার ঢেকা পঞ্চায়েতের ঢেকা গ্রামের এই বিরাট মাঝ মাঠে দীর্ঘ দিন ধরেই হয়ে আসছে পুরাকালের এই ব্রহ্মদৈত্যের পূজা হয়। মাঘ মাসের প্রথম দিনে হয় এই পূজা। 

আর এই পূজা উপলক্ষে মেলা বসে প্রতিবছর মাঘ মাসের পয়লা তারিখে ঢেকা গ্রামের মাঝ মাঠে। এই ব্রহ্মদৈত্যের মেলা নিয়ে বেশ জমজমাট ঢেকা গ্রাম।আশপাশের প্রায় পনেরো বিশটি গ্রামের মানুষ ভীড় করেন এই মেলা দেখতে। মাঠের চারিধারে বসে যায় নানা পসরা। বেতের বোনা ধামা কুলো থেকে শুরু করে কাঠের চেয়ার, আলমারি, আলনা, চৌকি বিক্রি হয় এই ভূতের মেলায়। তার সাথে আছে নানা রকমারি ঘর গৃহস্থালির জিনিস। যা দিয়ে সংসার এর কাজে লাগে। আর তাই সংক্রান্তির পরদিন এই ব্রহ্মদৈত্য মেলা দেখতে ভীড় জমে যায় ময়ুরেশ্বর এর ঢেকা গ্রামে। 

গল্পে আছে বহু বছর আগে এই ঢেকা গ্রামের মাঝে মাঠে একটি বিরাট বট গাছ ছিল। সেই বট গাছে বাবা ব্রহ্মদৈত্যে বাস করতেন। দিনের বেলায় গ্রামের লোকজন সেই মাঠে কেউ কেউ প্রবেশ করলেও সন্ধ্যার পর কেউ যেতে পারত না সেই মাঠের ধারে। অনেকের অনেক রকমের খারাপ অভিজ্ঞতা আছে। আর তাই বাবাকে তুষ্ট রাখতেই সংক্রান্তির পরদিন এই পূজোর আয়োজন। যে পূজো ঘিরে মানুষের ভীড় উপচে পড়ে।

এই গ্রামের বাসিন্দা তপন মন্ডলের কথায় আমরা গ্রামের ঐতিহ্যকে মেনে আজও এই মেলা করে আসছি। মেলার পরিসর অনেক বৃদ্ধি পেয়েছে। বহু মানুষের ভীড় বেড়েছে এই মেলায়। অন্যদিকে এই মেলায় যিনি বংশ পরম্পরায় পূজো করে আসছেন সেই পুরোহিত দেবীপ্রসাদ মিশ্র জানালেন যে, বর্গীর আমল থেকেই এই মেলা হয়ে আসছে। তাঁর মনে আছে প্রায় তাদের পাঁচ পুরুষ এই মেলায় পূজো করে আসছেন। পাঁচশো বছর বা সাতশো বছরের এই মেলা। করোনার সময় বাদ দিলে এই মেলা প্রতিবছর হয়। যে মেলাকে আবার কেউ কেউ ভূত মেলাও বলে থাকেন।

সত্যিই গ্রামেগঞ্জে এমন কত যে মেলা ছড়িয়ে আছে তার শেষ নেই। নানা ধরনের মেলা, তার গল্পগাথা তার নানা অজানা কাহিনী লুকিয়ে আছে। তবে এই ভূত মেলা বা ব্রহ্মদৈত্য মেলা কিন্তু সত্যি সত্যিই অসাধারণ একটি মেলা। মাছ মেলার পর এই ভূত মেলা বা ব্রহ্ম দৈত্যের মেলার কথা লিখতে বসে মনে পড়ে যায় সন্ধ্যা হলেই নাকি তেনারা খুব ঘুরে বেড়ান এদিক ওদিক। ঢেকা গ্রামের মাঝমাঠে আজও সেই গাছের নিচে পয়লা মাঘ এই ব্রহ্মদৈত্য মেলা অনুষ্ঠিত হয়। আর সেই মেলায় ভীড় করেন হাজার হাজার মানুষ।

ব্রহ্মদৈত্য মেলা - অভিজিৎ বসু।
পনেরো জানুয়ারী, দু হাজার পঁচিশ।
ছবি সৌজন্য ফেসবুক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা দেখি…প্রতিদিন মনে পড়ে কত… স্মৃতির পথ ধরে হাঁটি… লিখি…

বদলে যাওয়ার তালিকায় সবাই

ভেবেছিলাম আট থেকে আশির এই নিজেকে বদলে নেওয়ার দলে ও নাম লেখাবে না একদম কিছুতেই। গুরুগম্ভীর আর সেই অর্থপূর্ণ ভাব বিনিময় করে বেঁচে থাকা আর উচ্চপদে কর্মরত এই ব্যক্তি কী আর নিজেকে খোলস ছেড়ে বদলে নেবে হঠাৎ করেই। কেমন দেখতে লাগে এই নতুন চেহারায় ,সেটা দেখার বাসনা হবে তাঁর। কিন্তু না আমি দেখলাম এই বদলে নেওয়ার আর নিজেকে একটু উল্টেপাল্টে দেখে নেবার লোভ বড়ো ছোঁয়াচে। ঠিক বসন্তের বাতাসে উড়ে বেড়ানো পলাশের শুকনো হাসির মতই।   জানি আমায় কেউ কেউ বলবেন আবার ওকে নিয়ে লেখা। এই লেখা কত নম্বর ভাই। এই ছবি দেখে আর লেখার কি দরকার বাবা তোমার। তিনকাল গিয়ে এককাল ঠেকেছে তোমার। ওকে তেল দিয়ে আর লাভ নেই,চাকরির আশা নেই আর কোনোও তোমার। যেমন আছো তুমি তেমনি থাকো বাবা এই টোটো চালকের বেশ ধরে ঘুরে বেড়িয়ে এই এলোমেলো এলেবেলে বিন্দাস জীবন নিয়ে। আর কতবার এই মুর্শিদাবাদের ভেঙে পড়া সাম্রাজ্যের এক ব্যক্তিকে নিয়ে বার বার লিখবে আর তাঁকে প্রজেক্ট করবে তুমি এইবার তো থামো বাবা। একটু এই শেষ বেলায় হিসেব করে মেপে পা ফেলো মাঠে। না হলে যে গর্তে পড়ে বেঘোরে হাত পা ভাঙবে তোমার। আমি মনে মনে এই সব শুনে অস্ফুটে ...

আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলা

আঁকাবাঁকা পথ ধরে আমার এগিয়ে চলা। এলোমেলো এলেবেলে জীবন নিয়ে এগিয়ে চলা। যে জীবনে আবাহন আর বিসর্জন নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই কোনোদিন। যে জীবনে জড়িয়ে থাকে সুখ আবার দুঃখও। যে জীবনে জড়িয়ে থাকে নতুন কিছু পাওয়ার আশায় আনন্দে উদ্বেলিত হওয়া। আবার আমার এই সাদা জীবনের কালো কথা বা কালো জীবনের সাদা কথার ছোপ ছোপ দাগ। সেই বাঘের গায়ে ডোরা কাটা দাগ নিয়ে বেঁচে থাকা আমার। একদম নিজের মতো করেই যেখানে কারুর কাছে কোনোভাবেই তাঁর বশ্যতা মেনে নিয়ে নয় যেটা আমি পারলাম না কোনোভাবেই কোনওদিন।  তবুও জীবন যাপন তো করতেই হয় আমাদের। যে জীবনের বাঁশবনের ছায়ায় বসে দেখতে হয় বাঁশপাতার মাঝে গাছের আড়ালে লুকিয়ে থাকে ফিঙের নাচন। সেই ঝিরিঝিরি পাতার ফাঁকে মিষ্টি রোদের নরম আলো ছায়ার খেলা। যে খেলা দেখতে আমার বেশ ভালই লাগে আজকাল। যে খেলায় কত চেনা মুখের অচেনা ছবি যে ধরা পরে যায় হঠাৎ করেই কে জানে। আমি সেই ছবির ভীড়ের মাঝে কেমন বেঁহুশ হয়ে নিজেই হারিয়ে যাই এদিক, ওদিক, সেদিক। চেনা অচেনার পথ ধরে বাঁশবনের ছায়া মেখে হারিয়ে যাওয়া সেই জীবন। যে জীবনে সাদা কালো কত কিছুই না থেকে যায় দাগ র...

হাসনুহানার হাতছানি

দেওয়াল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা, নানা রঙের প্রলেপ। চারিদিকে শুধুই উজ্জ্বল নানা রঙের হাতছানি। ক্যানভাসে ফুটে ওঠা, নানা রঙের ছোপ ছোপ দাগ। হাজারো রঙের মাঝে রঙহীন বিবর্ণ একা আমি। হলদে ঘাসের ওপর শিশির ভেজা ভোরের হাতছানি এড়িয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, সন্তর্পনে ঘুরে বেড়াই আমি, একা, একা। চাঁদনী রাতের আকাশে, হালকা মেঘের আড়ালে আবডালে, লুকিয়ে থাকা সব অপ্সরীর দল ঘুরে বেড়ায় সেজেগুজে। অন্ধকারের বুক চিরে জেগে ওঠা দুর আকাশে, ওই সপ্তর্ষি মন্ডলের ডাক শুনে। কেমন যেনো থমকে দাঁড়িয়ে যায়, ল্যাম্প পোস্টের ওই কালো ছায়া। হাসি মাখা রঙিন সব মুখ দেখে থমকে দাঁড়িয়ে যাই বিবর্ণ আমি, একদম একা। দিনের আলো ছেড়ে, ভীড় এড়িয়ে অন্ধকারে মুখ লুকোই আমি। পলাশ ফুলের গন্ধ এড়িয়ে, ছুটে যাই হাসনুহানার কাছে। অভিমানে মুখ লুকিয়ে সে বলে, এত দেরি করে এলে কেনো তুমি রঙিন হতে আমার কাছে। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি নত মুখে, হাসনুহানার গন্ধ বুকে নিয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, হাসনুহানার কাছে নিজেকে সঁপে দিয়ে, রঙিন হয়ে যাই আমি। হাসনু হানার হাতছানি - অভিজিৎ বসু। ছাব্বিশ মার্চ, দু হাজার চব্বিশ।

জয় মা মঙ্গলচন্ডী

মা মঙ্গলচণ্ডী, যাঁহার নাম মধুর ও মনোহর, যাঁহার হস্তে বর ও অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্তপদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বলরূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ কৌষেয় (চেলির) বস্ত্র পরিধান করিয়া আছেন, যিনি সহাস্যবদনা, সুন্দরাননা ও নবযৌবনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনিই হলেন দেবী মঙ্গলচণ্ডী। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতিদেবীর মুখ হ’তে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টিকার্য্যে মঙ্গলরূপা এবং সংহারকার্য্যে কোপরূপিণী, এইজন্য পণ্ডিতগণ তাঁকে মঙ্গলচণ্ডী বলিয়া অভিহিত করেন।” “দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। প্রতি মঙ্গলবারে তাঁহার পূজা বিধেয়। মনু বংশীয় মঙ্গল রাজা নিরন্তর তাঁহার পূজা করিতেন।” জৈষ্ঠ্যমাসের প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্যই এ ব্রতের অনুষ্ঠান। মঙ্গলচণ্ডী ব্রতের নানা রূপ আছে। কুমারীরা যে মঙ্গলচণ্ডী ব্রতের আচরণ করে, তা অতি সহজ ও সংক্ষিপ্ত। দেবী অপ্রাকৃত মহিমার প্রশস্তিগীতি ব্রতের ছড়ায় এস...