সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

চেনা পথের পথিক

সাদা জীবনের কালো কথায় আজ সেই সেক্টর ফাইভ এর চেনা রাস্তায় হাঁটতে হাঁটতে খুঁজে বেড়ানো আমার গন্তব্যের নতুন ঠিকানা। সত্যিই কতদিন পর যে এই কলকাতা দেখলাম আমি গ্রাম থেকে এসে। সেক্টর ফাইভ এর সেই চেনা পথ, চেনা ফুটপাথ দেখলাম কত দিন পরে। সেই চেনা রাস্তা ধরে এগোলাম কত দিন পর। সেই কলেজ মোড়, ওয়েবেল মোড়, সেই চা, মুড়ি, ভাতের সারি সারি চেনা দোকান পাট লোকজন সব ঠিক আছে যে যার নিজের মতই ছুটে বেড়াচ্ছে তারা।

 সেই বহু দিন অফিস করা সব চেনা রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হলো সত্যিই কংক্রিটের এই বিশাল এক একটি বাড়ির মাঝে ঠাণ্ডা কাচ ঘেরা সুন্দর সুন্দর সব অফিস। সেখানে কাজের ব্যস্ততা অনেক। সেজে গুজে সব সুন্দর সুন্দর মানুষ জন ঘুরে বেড়াচ্ছে তারা যেনো সবাই অন্য গ্রহের মানুষ ওরা। নিজেকে বড় বেমানান লাগলো আমার সেখানে। কেমন যেনো বিসদৃশ আমি এদিক ওদিক ঘুরে বেড়িয়ে খুঁজতে লাগলাম আমার ইন্টারভিউ এর স্থান। প্রখর রোদের তাপে ক্লান্ত হয়ে পড়েছি তবু চেনা রাস্তা পার হয়ে অচেনা অজানা জায়গায় হাজির হয়ে সেই নতুন ঠিকানার আমার বাড়ি খোঁজার নিরন্তর মরিয়া চেষ্টা। ঠিক যেনো কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মতই এদিক ওদিক ঘুরে বেড়ানো।

তার মাঝেই চাপা উত্তেজনা আর ভয় এই যদি কেউ দেখে ফেলে এই চেনা পথে। কেউ যদি বলে কি হলো এদিকে কি জন্যে ভাই। বাতিল হয়েও ঘুরে বেড়াচ্ছ কেনো তুমি রাস্তায় রাস্তায় এই কাঠফাটা রোদ মাথায় নিয়ে। তোমার প্রিয় দাদা তো বলে দিয়েছে তোমরা সব বাতিল মাল হয়ে গেছো। না, কপাল ভালো খুব যে তেমন কোনো চেনা মুখ, চেনা মানুষের চোখে পড়লাম না আমি এই কাঠফাটা দুপুরে সেক্টর ফাইভের রাস্তায়। হয়তো দুপুর বলেই সবাই ঠাণ্ডা অফিসে সেঁধিয়ে বসে আছে বলে কারুর চোখে পড়লাম না আমি। বেঁচে গেলাম আমি, হাঁফ ছেড়ে বাঁচলাম। 

এই সব রাস্তায় কত দৌড়ে ছুটে দাপিয়ে বেড়িয়েছি আমি বছর কয়েক আগেও, মাস কয়েক আগেও। ভোরবেলায় ছুটে অফিসে হাজির হয়েছি সবার আগে। আবার রাতের অন্ধকারে একা বাস না পেয়ে দাঁড়িয়ে থেকেছি আমি। অনেক কষ্ট করে বাড়ী ফিরেছি গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে। এই জীবন, জীবনের দৌড়ে চলা, খবর ধরানোর চাপা উত্তেজনা ছিল, আমার কাছে বেশ আনন্দের আর চ্যালেঞ্জের কাজ।


 কিন্তু সেই সব দিন আর নেই তাই একে ওকে জিজ্ঞাসা করে চেনা পথ পার হয়ে অনেক কষ্টে পৌঁছলাম সেই আমার অচেনা অজানা গন্তব্যের জায়গায়। মাথা উঁচু করা বিশাল বড় বাড়ী নয়, ছোটো একটা বাড়ী। ছোটো একটা অফিস। ঠাণ্ডা ঘর। কাচের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলাম আমি। একদম বেমানান হয়ে, বিসদৃশ আমি অচেনা কিছু মানুষের সামনে দাঁড়ালাম। যারা দেখে আমায় অবাক হলো। ফিসফিস স্বরে কিছু বলতে থাকলো যেনো। হয়তো বললো কোন গ্রহ থেকে এসেছি আমি। 

 তার মধ্যে কে যেনো নাম ধরে ডেকে বলল দাদা তুমি। তোমার বোলপুরের রাস্তায় ঘুরে বেড়ানো ছবি খুব ভালো লাগে। কথাটা শুনে ভালো লাগলো বেশ আমার। মনে হলো এই অচেনা অজানা গন্তব্যের ঠিকানায় যেখানে আমি বাতিলের দলে সেই জায়গা থেকেও কেউ নাম ধরে ডেকে বলে তারা আমায় চেনে। রোদের তাপে দগ্ধ আমি কেমন যেনো হিমশীতল অনুভুতির স্পর্শ পেলাম একটা। মনে মনে ভাবলাম তাহলে বোধহয় একদম বাতিল হয়ে যাইনি আমি। যে যাই বলুক আমায় বাতিল মাল বলে। 

এসির কুল কুল ঠাণ্ডায় আমার গোটা শরীর, আমার মন ভরে গেলো। ইন্টারভিউয়ের ডাক পেলাম আমি অবশেষে। কথা বললাম আমি ইন্টারভিউ বোর্ডে। পাশ না ফেল জানিনা আমি। তারপর সন্ধ্যা বেলায় ফিরে এলাম নিজের ঘরে সেই চেনা চেনা পথ পার হয়ে। দক্ষিণেশ্বর মন্দির পার হয়ে, গঙ্গা পার হয়ে। এক বুক আশা নিয়ে।নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে। নতুন করে আবার যদি দৌড় শুরু করতে পারি সেই আশা নিয়ে।

 জানি না আমি কি হবে। পরীক্ষায় পাশ করবো কি না জানি না। তবে এই বহুদিনের চেনা পথে, অচেনা অজানা অফিসে পরীক্ষা দিয়ে মনে হলো গোটা জীবন ধরেই তো এইভাবেই পরীক্ষা দিয়ে যেতে হয় আমাদের। সে চেনা মুখ বা অচেনা অজানা মুখের কাছে। কেউ হাসি মুখে পাশ করে পরীক্ষায়। আবার কেউ ফেল করে। জীবনের চেনা, অচেনা, পথের বাঁকে হাসি আর কান্নার টুকরো টুকরো ছবি লুকিয়ে থাকে। যাকে বুকে নিয়েই ঘুরে বেড়াতে হয় আমাদের। 

চেনা পথের পথিক - অভিজিৎ বসু।
সতেরো জুন, দু হাজার চব্বিশ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যা দেখি…প্রতিদিন মনে পড়ে কত… স্মৃতির পথ ধরে হাঁটি… লিখি…

বদলে যাওয়ার তালিকায় সবাই

ভেবেছিলাম আট থেকে আশির এই নিজেকে বদলে নেওয়ার দলে ও নাম লেখাবে না একদম কিছুতেই। গুরুগম্ভীর আর সেই অর্থপূর্ণ ভাব বিনিময় করে বেঁচে থাকা আর উচ্চপদে কর্মরত এই ব্যক্তি কী আর নিজেকে খোলস ছেড়ে বদলে নেবে হঠাৎ করেই। কেমন দেখতে লাগে এই নতুন চেহারায় ,সেটা দেখার বাসনা হবে তাঁর। কিন্তু না আমি দেখলাম এই বদলে নেওয়ার আর নিজেকে একটু উল্টেপাল্টে দেখে নেবার লোভ বড়ো ছোঁয়াচে। ঠিক বসন্তের বাতাসে উড়ে বেড়ানো পলাশের শুকনো হাসির মতই।   জানি আমায় কেউ কেউ বলবেন আবার ওকে নিয়ে লেখা। এই লেখা কত নম্বর ভাই। এই ছবি দেখে আর লেখার কি দরকার বাবা তোমার। তিনকাল গিয়ে এককাল ঠেকেছে তোমার। ওকে তেল দিয়ে আর লাভ নেই,চাকরির আশা নেই আর কোনোও তোমার। যেমন আছো তুমি তেমনি থাকো বাবা এই টোটো চালকের বেশ ধরে ঘুরে বেড়িয়ে এই এলোমেলো এলেবেলে বিন্দাস জীবন নিয়ে। আর কতবার এই মুর্শিদাবাদের ভেঙে পড়া সাম্রাজ্যের এক ব্যক্তিকে নিয়ে বার বার লিখবে আর তাঁকে প্রজেক্ট করবে তুমি এইবার তো থামো বাবা। একটু এই শেষ বেলায় হিসেব করে মেপে পা ফেলো মাঠে। না হলে যে গর্তে পড়ে বেঘোরে হাত পা ভাঙবে তোমার। আমি মনে মনে এই সব শুনে অস্ফুটে ...

হাসনুহানার হাতছানি

দেওয়াল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা, নানা রঙের প্রলেপ। চারিদিকে শুধুই উজ্জ্বল নানা রঙের হাতছানি। ক্যানভাসে ফুটে ওঠা, নানা রঙের ছোপ ছোপ দাগ। হাজারো রঙের মাঝে রঙহীন বিবর্ণ একা আমি। হলদে ঘাসের ওপর শিশির ভেজা ভোরের হাতছানি এড়িয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, সন্তর্পনে ঘুরে বেড়াই আমি, একা, একা। চাঁদনী রাতের আকাশে, হালকা মেঘের আড়ালে আবডালে, লুকিয়ে থাকা সব অপ্সরীর দল ঘুরে বেড়ায় সেজেগুজে। অন্ধকারের বুক চিরে জেগে ওঠা দুর আকাশে, ওই সপ্তর্ষি মন্ডলের ডাক শুনে। কেমন যেনো থমকে দাঁড়িয়ে যায়, ল্যাম্প পোস্টের ওই কালো ছায়া। হাসি মাখা রঙিন সব মুখ দেখে থমকে দাঁড়িয়ে যাই বিবর্ণ আমি, একদম একা। দিনের আলো ছেড়ে, ভীড় এড়িয়ে অন্ধকারে মুখ লুকোই আমি। পলাশ ফুলের গন্ধ এড়িয়ে, ছুটে যাই হাসনুহানার কাছে। অভিমানে মুখ লুকিয়ে সে বলে, এত দেরি করে এলে কেনো তুমি রঙিন হতে আমার কাছে। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি নত মুখে, হাসনুহানার গন্ধ বুকে নিয়ে। লাল পলাশের হাতছানি এড়িয়ে, হাসনুহানার কাছে নিজেকে সঁপে দিয়ে, রঙিন হয়ে যাই আমি। হাসনু হানার হাতছানি - অভিজিৎ বসু। ছাব্বিশ মার্চ, দু হাজার চব্বিশ।

জয় মা মঙ্গলচন্ডী

মা মঙ্গলচণ্ডী, যাঁহার নাম মধুর ও মনোহর, যাঁহার হস্তে বর ও অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্তপদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বলরূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ কৌষেয় (চেলির) বস্ত্র পরিধান করিয়া আছেন, যিনি সহাস্যবদনা, সুন্দরাননা ও নবযৌবনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনিই হলেন দেবী মঙ্গলচণ্ডী। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতিদেবীর মুখ হ’তে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টিকার্য্যে মঙ্গলরূপা এবং সংহারকার্য্যে কোপরূপিণী, এইজন্য পণ্ডিতগণ তাঁকে মঙ্গলচণ্ডী বলিয়া অভিহিত করেন।” “দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। প্রতি মঙ্গলবারে তাঁহার পূজা বিধেয়। মনু বংশীয় মঙ্গল রাজা নিরন্তর তাঁহার পূজা করিতেন।” জৈষ্ঠ্যমাসের প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্যই এ ব্রতের অনুষ্ঠান। মঙ্গলচণ্ডী ব্রতের নানা রূপ আছে। কুমারীরা যে মঙ্গলচণ্ডী ব্রতের আচরণ করে, তা অতি সহজ ও সংক্ষিপ্ত। দেবী অপ্রাকৃত মহিমার প্রশস্তিগীতি ব্রতের ছড়ায় এস...

কুড়ি থালা দশ টাকা আর রসিক মুলুর জীবন

নাম মুলু হাঁসদা। বাংলা ঝাড়খণ্ড সীমানার চরিচা গ্রাম পঞ্চায়েত এর চর ইচ্ছা রঘুবরপুরের বাসিন্দা মুলু। আজ মুলুর জীবন কথা। গ্রামের নামটা ভারী অদ্ভুত। চর ইচ্ছা রঘুবরপুর। যে গ্রাম অন্য পাঁচটা গ্রামের মতই।সাদামাটা এই গ্রামে দারিদ্র্য, অপুষ্টি আর কর্মহীন জীবনের জলছবি সুস্পষ্ট। আর সেই গ্রামের মহিলারা নিজেদের সংসার রক্ষা করতে গাছের পাতাকে আঁকড়ে ধরে রেখেছে। গাছের পাতা মুলুদের জীবনের জিয়ন কাঠি। যে জিয়ন কাঠিতে তারা ভোর হতেই পেটের টানে চলে যায় জঙ্গলে। খস খস শব্দ করে পায় হেঁটে তারা পাতা তোলে। গাছ থেকে টুপ টাপ করে ঝড়ে পড়া পাতাকে একটা একটা করে নিজের শাড়ির আঁচলে ভরে নেয়। তার পর সব পাতাকে বস্তায় ভরে ঘরে ফেরে।  ঠিক যেভাবে তারা পুকুরে নেমে শামুক গেঁড়ি আর গুগলি তোলে। যে ভাবে তাদের উদর পূর্তি হবে বলে। আর এই পাতাও যে তাদের পেট ভরায়। একটা একটা পাতাকে নিজের সন্তানের মতো আলগোছে ছুঁয়ে বুকে জড়িয়ে ধরে চুমু খায় মুলু, বলে তোরা না থাকলে কি করতাম কে জানে। মাথার ওপর শাল সেগুনের বিশাল আকারের গাছগুলো চুপ করে দাঁড়িয়ে থাকে আর তারা চুপ করে শোনে মুলুর কথা।  একে অপ...